Dhaka Mail Logo

জাতীয়

নারীবান্ধব বাজার কাঠামো গড়ার সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরিতে নারীবান্ধব ভৌত বাজার কাঠামো গড়ে তোলার সুপারিশ করেছে জাতীয় সংসদের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ এবং জয়িতা ফাউন্ডেশনকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরামর্শও দিয়েছে কমিটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সেলিমা রহমান, এমপি।

বৈঠকে কমিটির সদস্য ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, আন্না মিনজ, নূরুন্নিসা সিদ্দীকা, সাবিকুন্নাহার এবং মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জয়িতা ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত কিশোর-কিশোরী ক্লাবগুলোর কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

সভাপতি জনপ্রতিনিধিদের নিজ নিজ নির্বাচনী এলাকার কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রান্তিক নারীদের সচেতনতা বৃদ্ধি এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদারের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

নারী উদ্যোক্তাদের সক্ষমতা ও দক্ষতা বাড়াতে বহুমুখী ব্যবসায়িক উদ্যোগের ওপর প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করে কমিটি। পাশাপাশি জয়িতাকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ফাউন্ডেশনকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং এর কার্যক্রম জোরদারে নিয়মিত মনিটরিং ও পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়।

কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন শূন্য পদগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

শিশুদের বিকাশে শিশু একাডেমির মাধ্যমে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পৃথক কর্মসূচি আয়োজনের পরামর্শও দেওয়া হয় বৈঠকে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নে আন্তমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার সুপারিশ করে কমিটি।

বৈঠকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন দপ্তর, সংস্থা ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচএইচ/এআর