নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম
কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার পৌরসভা, ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদকে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ দায়িত্ব দিতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি স্থানীয় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানকে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুসারে আগামী ১০ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়েছে, নির্বাচন পরিচালনার জন্য ১ জন রিটার্নিং অফিসার এবং ২ জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। উল্লিখিত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ যথা- পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ স্ব স্ব এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে নির্বাচন কমিশন আশা করে।
এ প্রসংগে উল্লেখ করা প্রয়োজন যে, বিগত জাতীয় সংসদ নির্বাচনে সরকারি সহযোগিতার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কর্তৃক আইনশৃঙ্খলা রক্ষার্থে নির্বাচন সংশ্লিষ্ট কতিপয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য স্থানীয় সরকার বিভাগ হতে ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতি একটি নির্বাহী আদেশ জারি করা হয়েছিল। তাছাড়া, নির্বাচনি আইন ও বিধিমালা পরিপালনেও উল্লিখিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ সার্বিক সহায়তা প্রদান করবে।
এছাড়া উপনির্বাচন সংক্রান্ত একটি নির্বাহী আদেশ জারি করার লক্ষ্যে খসড়া নির্বাহী আদেশ তৈরি করেও স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছে ইসি।
এতে আরও বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ১২৬ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৫ এর আলোকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ যথা-পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদকে বিশেষ দায়িত্ব প্রদান করে নির্বাহী আদেশ জারি করার নিমিত্তে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
এছাড়া উপনির্বাচন সংক্রান্ত একটি নির্বাহী আদেশ জারি করার লক্ষ্যে খসড়া নির্বাহী আদেশ তৈরি করেও স্থানীয় সরকার বিভাগে পাঠিয়েছে ইসি।
ইসির পাঠানো নির্বাহী আদেশের খসড়ায় বলা হয়েছে, আগামী ১০ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে উক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচন কমিশনের এই দায়িত্ব সুচারুরূপে সম্পাদনের জন্য সরকারি অফিস ও সংস্থাসমূহ সকল প্রকার সহযোগিতা করিতে আইনত বাধ্য। এই নির্বাচন অনুষ্ঠানে সরকারি সাহায্য ও সহযোগিতার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নিকট হতেও প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা অত্যাবশ্যক।
এতে আরও বলা হয়েছে, নির্বাচনের সময় নির্বাচনি এলাকার সর্বত্র শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পূর্বশর্ত। শান্তি-শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব মূলত সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা/কর্তৃপক্ষের উপর অর্পিত থাকলেও এই বিষয়ে স্থানীয় জনসাধারণ এবং নেতৃবৃন্দের সাহায্য ও সহযোগিতা একান্ত প্রয়োজন। শান্তি-শৃঙ্খলা রক্ষার এই তাৎপর্যপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে জেলা পরিষদ/উপজেলা পরিষদ/পৌরসভা/ইউনিয়ন পরিষদসমূহের দায়িত্ব বিশেষ গুরুত্বপূর্ণ।
উল্লিখিত প্রেক্ষাপটে দেশের সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ জাতীয় সংসদের উল্লিখিত নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নোক্ত দায়িত্ব পালন করবে-
১. স্ব স্ব এলাকায় আইন-শৃংখলা রক্ষার্থে আইন-প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান।
২. নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশন সময়ে সময়ে যে সব আদেশ/নির্দেশ জারি করেছে কিংবা করবে তা প্রতিপালন।
৩. নির্ধারিত সময়ে নির্বাচনি মিছিল, সভা ও প্রচারণা যাতে অবাধ, শান্তিপূর্ণ ও বিধি অনুযায়ী হয় সেদিকে লক্ষ্য রাখা।
৪. কোনও নির্বাচনি অফিস বা ক্যাম্প নষ্ট করার যে কোন প্রচেষ্টারোধে সামাজিক প্রতিরোধ গঠনে সহায়তা করা।
৫. ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ কিংবা উপজেলা পরিষদে এমন কোন উন্নয় স্কীম গ্রহণ বা বাস্তবায়ন করবে না, যা জাতীয় সংসদের উক্ত নির্বাচনে কোন প্রার্থীর ভোট প্রাপ্তিতে বা প্রচারণার কাজে ব্যবহৃত হতে পারে।
৬. ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ কিংবা উপজেলা পরিষদে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুদান বা অনুদানের প্রতিশ্রুতি দিতে পারবে না, যা কোন প্রার্থীর ভোট প্রাপ্তি বা প্রচারণার কাজে প্রভাব বিস্তার করবে।
৭. স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোন অফিস, যানবাহন এবং অন্যান্য সম্পত্তি কোন প্রার্থীর নির্বাচন বা প্রচারণার কাজে কোনভাবেই ব্যবহার করা যাবে না। মাশুল পরিশোধ করেও ব্যক্তিগত কাজে কোন যানবাহন ব্যবহার করার অনুমতি দেওয়া যাবে না।
৮. স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীগণ কোন প্রার্থীর নির্বাচনি কাজে বা প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না।
৯. ভোটকেন্দ্র নির্মাণসহ নির্বাচনি সংশ্লিষ্ট অন্যান্য সকল কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা প্রয়োজন হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান তা প্রদান করবে।
১০. স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিগণ তাদের পদমর্যাদা, সরকারি সুযোগ-সুবিধা ইত্যাদি কোন প্রার্থীর নির্বাচনি কাজে ব্যবহার করতে পারবেন না।
এতে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ এই আদেশে বর্ণিত দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা শৈথিল্য প্রদর্শন করলে কিংবা অবহেলা করলে উক্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নির্বাহী আদেশ জারির তারিখ হতে ভোটগ্রহণের জন্য নির্ধারিত তারিখের পরবর্তী ১৫ দিন পর্যন্ত বলবৎ থাকবে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী,মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৭ ডিসেম্বর, আপিল ৮ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ১০ জানুয়ারি।
এমএইচএইচ/এআরএম