নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম
বাংলাদেশে ২০২৫ সালে প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের এই হার সর্বোচ্চ। এ পরিস্থিতিতে বাল্যবিবাহ প্রতিরোধে সব শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করার তাগিদ দিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা।
প্রতিষ্ঠানটির বলছে, জন্ম নিবন্ধন শিশুর বয়স যাচাই এবং ভুয়া বয়স দেখিয়ে বাল্যবিবাহের চেষ্টা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আগামীকাল ২৭ নভেম্বর আন্তর্জাতিক বাল্যবিবাহ, অপ্রাপ্তবয়সে বিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রজ্ঞান এসব তথ্য জানায়। এ বছর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে দিবসটি গৃহীত হয়।
ইউএনএফপিএ ও ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বাল্যবিবাহের হার অত্যন্ত উদ্বেগজনক। অপ্রাপ্তবয়সে বিয়ের কারণে মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কন্যাশিশুর শিক্ষাজীবন ব্যাহত হয় এবং অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি বেড়ে যায়।
বাল্যবিবাহ প্রতিরোধে জন্ম নিবন্ধনকে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হিসেবে দেখছে প্রজ্ঞা। প্রতিষ্ঠানটি বলছে, জন্ম নিবন্ধন শিশুর বয়সের নির্ভরযোগ্য প্রমাণ। এর মাধ্যমে বিয়ের সময় বয়স যাচাই, ভুয়া বয়স দেখিয়ে বাল্যবিবাহের চেষ্টা প্রতিরোধ এবং ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্ত করা সহজ হয়।
তবে বাংলাদেশে এখনও প্রায় অর্ধেক মানুষ জন্ম নিবন্ধনের বাইরে রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিদ্যমান আইনের সীমাবদ্ধতা শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করার পথে বড় বাধা হিসেবে কাজ করছে।
প্রজ্ঞার মতে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংশোধন করে ব্যক্তির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আইনগতভাবে জন্ম নিবন্ধনের দায়িত্ব দেওয়া হলে হাসপাতালে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশুর নিবন্ধন জন্মের সময়ই নিশ্চিত করা সম্ভব হবে।
প্রতিষ্ঠানটি বলছে, জন্ম নিবন্ধন শুধু বয়সের প্রমাণ নয়, শিশুর আইনি পরিচয়, শিক্ষা, স্বাস্থ্য, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করারও পূর্বশর্ত। সব শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করা গেলে বাল্যবিবাহ প্রতিরোধে বয়স যাচাই আরও কার্যকর হবে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫.৩ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূলের অঙ্গীকার রয়েছে বাংলাদেশের। একই সময়ের মধ্যে সবার জন্য আইনি পরিচয় নিশ্চিত করার লক্ষ্য রয়েছে এসডিজি ১৬.৯-এ। জন্ম নিবন্ধন এ লক্ষ্য অর্জনের অন্যতম ভিত্তি।
এ ছাড়া জাতীয় বাল্যবিবাহ নিরোধ কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ বাস্তবায়নেও শতভাগ জন্ম নিবন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২০২৫ সালের অক্টোবরে বাল্যবিবাহ প্রতিরোধে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সংলাপেও স্থানীয় সরকার বিভাগকে সর্বজনীন জন্ম ও বিবাহ নিবন্ধন নিশ্চিত করে বয়স যাচাই জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে এক প্রতিক্রিয়ায় প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, প্রতিটি কন্যাশিশুর জন্ম নিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে। বাল্যবিবাহমুক্ত দেশ গড়তে তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।
এমএইচ/এআরএম