নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬, ০২:২৭ এএম
ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন ফেনীর ছেলে ও বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল। এ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ১৪টি এওয়ার্ড, ফেলোশিপ ও মেন্টরশিপ অর্জন করেছেন এই তরুণ সাংবাদিক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বিজয়ীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অন্য একটি ফেলোশিপ প্রোগ্রামের আওতায় কেফায়েত শাকিল তুরস্কে থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার ছোট ভাই সাফায়েত উল্লাহ চৌধুরী (সাইমুন)।
কেফায়েত শাকিল বরগুনার তালতলীতে নির্মিত ৩৫০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য পাওয়ার এন্ড এনার্জি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এওয়ার্ড তুলে দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
কেফায়েত শাকিলের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামে। তিনি বর্তমানে বাংলাভিশন টিভিতে কর্মরত রয়েছে। তার আগে তিনি সময় টেলিভিশন, জাগো নিউজ২৪ ডট কম, যমুনা নিউজ২৪ ডট কম এবং পূর্বপশ্চিম বিডি ডটকমে কাজ করেছেন। এছাড়া পরিবেশ, জলবায়ু এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্বেচ্ছাসেবী উদ্যাগে সম্পৃক্ত রয়েছেন তিনি।