Dhaka Mail Logo

জাতীয়

সরকারবিরোধী ষড়যন্ত্র: আরেক অতিরিক্ত পুলিশ সুপার আটক

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৬, ০১:০০ এএম

আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) দায়িত্বরত আরেক অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তার বিরুদ্ধেও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) তাকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়েছে বলে রাতে গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকেে নিশ্চিত করেছেন। 

আটকের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তারা জানান, সিনিয়র স্যাররা এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন। তবে ধারণা করা হচ্ছে, সম্প্রতি গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, থানায় আগুন দেওয়া ও অস্ত্র লুটসহ যে নাশকতার ঘটনা ঘটেছে, এসব ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। ৩৩ ব্যাচের এই পুলিশ কর্মকর্তা ২০২৪ সালের ৫ আগস্টের আগে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের এডিসি ছিলেন। তার আগে ডিএমপির ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

২০২৪ সালের ৫ আগস্টের পরে মো. রাকিবুল হাসানকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সবশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন।

এর আগে সোমবার (২৪ নভেম্বর) এসআরবি-১৪ ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে একই অভিযোগে গ্রেফতার করে ডিবি ঢাকার একটি দল। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম আলোচনায় আসে। মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পেছনে আবুল হাসানের ভূমিকা ছিল বলে অভিযোগ।

এদিকে ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে রয়েছেন বলে আজ দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এএইচ