Dhaka Mail Logo

জাতীয়

মিরপুর-১০ এর ফুটপাত ফের হকারমুক্ত করল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

রাজধানীর মিরপুর-১০ এলাকায় পুনরায় ফুটপাত দখল করে বসা অবৈধ হকারদের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলির পরিচালনায় এ অভিযান চালানো হয়। অভিযানে মিরপুর-১০ এলাকার ফুটপাত দখল করে বসা হকারদের সরিয়ে দিয়ে পথচারীদের চলাচলের উপযোগী করা হয়।

অভিযানকালে ডিএনসিসি প্রশাসক বলেন, মিরপুরকে ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

S

ডিএনসিসি জানায়, গত ২০ অক্টোবর মিরপুর-১০ এলাকার ফুটপাত থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। তবে ওই অভিযানের পর গত কয়েকদিন ধরে কিছু ব্যক্তি পুনরায় মিরপুরের বিভিন্ন ফুটপাত দখল করে বসার চেষ্টা করেন। 

বিষয়টি জানতে পেরে প্রশাসক নিজেই আজকের উচ্ছেদ অভিযানে অংশ নেন। এর মাধ্যমে পুনরায় মিরপুর-১০ এলাকার ফুটপাত হকারমুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযান চলাকালে প্রশাসক মিরপুর-১০ ফুটওভার ব্রিজের সংস্কারকাজও পরিদর্শন করেন এবং কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এম/এএইচ