নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
পুলিশের ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি এবং পদায়ন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাট এবং একই ইউনিটের উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনা, গাইবান্ধার এসপি মো. জসিম উদ্দীনকে ফেনী, এসআরইউ ঢাকার এসপি মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধা এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর এসপি করা হয়েছে।
অন্যদিকে, সুনামগঞ্জের এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশের এসপি, লালমনিরহাটের এসপি মো. আসাদুজ্জামানকে একই ইউনিটে এবং খুলনার এসপি সরকার ওমর ফারুককে ঢাকা পুলিশ স্টাফ কলেজের এসপি হিসেবে বদলি করা হয়েছে।
ফেনীর এসপি মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি হিসেবে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি হিসেবে বদলি করা হয়েছে।
এপিবিএনের এসপি মো. আরেফিন জুয়েলকে সিএমপির উপ-পুলিশ কমিশনার এবং নওগাঁর এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
এআর