নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম
সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে নিজেদের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময় করতে চায় ইতালি। এছাড়া সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা, গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়ানো এবং জলদস্যুতা দমনে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশ সফর করে ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো আগ্রহ প্রকাশ করেন।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেন ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। এর অংশ হিসেবে ২২ নভেম্বর বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরে যান ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট। সেখানে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
সফরকালে তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
সফরকালে তিনি দুই দেশের মধ্যে বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামুদ্রিক নিরাপত্তা এবং বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সফরের তৃতীয় দিনে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট চট্টগ্রামে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনের বিভিন্ন অপারেশনাল সক্ষমতা ও বোট ওয়ার্কশপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূর্ব জোনের জোনাল কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জোনের সার্বিক কার্যক্রম সম্পর্কে ব্রিফিং নেন।
সফরে গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ ও যৌথ মহড়ার বিষয়েও আলোচনা হয়। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো।
তিনি সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ (মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস), আকাশপথের প্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। দীর্ঘ এ সফর শেষে ২৫ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করেন ইতালির কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
একেএস/এএইচ