Dhaka Mail Logo

আইন-আদালত

শতবার পেছাল রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। এবার শতবারের মতো সময় চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকিংয়ের মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে দুর্বৃত্তরা। পরে চুরি করা অর্থের একটি বড় অংশ ফিলিপাইনে পাচার করা হয়।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দায়ের করা মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ধারাসহ দণ্ডবিধির ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়।

একেএস/এআর