নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে দ্রুত বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক তরুণ। একই সঙ্গে বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে তামাক কোম্পানির হস্তক্ষেপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা আহছানিয়া মিশনের আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং আয়োজিত ‘তামাকমুক্ত পরিবেশ, তরুণদের অধিকার’ শীর্ষক যুব সেমিনারে এসব দাবি জানানো হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান এবং স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মামুনুর রশিদ।
বক্তারা বলেন, তামাক ব্যবহার দেশে অসংক্রামক রোগের অন্যতম প্রধান প্রতিরোধযোগ্য ঝুঁকির কারণ। হৃদ্রোগ, স্ট্রোক, ক্যানসার ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে তামাক নিয়ন্ত্রণকে জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে। বিশেষ করে তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
সেমিনারে তরুণরা বলেন, দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সম্ভাবনাময় জীবন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। অথচ তামাক ও নিকোটিনজাত পণ্যের বিস্তার তরুণদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষমতা ও ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। তাই সংশোধিত আইনের পূর্ণ সুফল জনগণের কাছে পৌঁছে দিতে দ্রুত কার্যকর বিধিমালা প্রণয়ন করতে হবে। পাশাপাশি আইনের সীমাবদ্ধতা দূর করে তামাক নিয়ন্ত্রণে আরও কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে।
এ সময় তরুণদের সুরক্ষায় পাঁচটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর বিধিমালা দ্রুত প্রণয়ন, বিধিমালা তৈরিতে তামাক কোম্পানির হস্তক্ষেপ বন্ধে সতর্ক থাকা, নতুন ধরনের তামাকজাত পণ্য থেকে তরুণদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া এবং শিশু-কিশোর ও তরুণদের কাছে তামাকপণ্যের সহজলভ্যতা কমাতে খুচরা শলাকা, খোলা ও মোড়কবিহীন তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ করা।
ঢাকা আহ্ছানিয়া মিশনের সহসভাপতি ড. এস এম খলিলুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহছানিয়া মিশন ইয়ুথ ফোরামের সদস্য সাদমান সাকিব। এ সময় বক্তব্য দেন ফোরামের সমন্বয়ক মারজানা মুনতাহা এবং সদস্য তাসনিম হাসান আবির ও তাসনিয়া তানজিম জারা।
এএইচ/এএম