২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে দ্রুতগতির বাসের ধাক্কায় অটোরিকশাচালক মাসুম মিয়া (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকালে রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
নিহত মাসুম মিয়ার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার মণ্ডপাশা গ্রামে। তাঁর বাবার নাম হারুন হাওলাদার। আর আহতরা হলেন- বশির (৩৩), রুবেল (৩১) ও আলামিন (৩০)।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মাসুম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আহত তিন যাত্রী বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, আহত যাত্রীদের কাছ থেকে জানা গেছে, সকালে তারা অটোরিকশাযোগে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ চারজন আহত হন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাচালকসহ চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে জরুরি বিভাগের চিকিৎসক অটোরিকশাচালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেলেও বাস ও এর সুপারভাইজারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএমআর/এসআই