Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীতে বাবা-মায়ের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম

রাজধানীর খিলগাঁও এলাকায় বাবা-মায়ের ওপর অভিমান করে তন্ময় রায় (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন দাবি পরিবারের।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে খিলগাঁও থানাধীন উত্তর গোড়ানের নূরের বাগ এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত তন্ময় রায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিটগড় গ্রামের কৃষ্ণচন্দ্র রায়ের ছেলে। তিনি পরিবারের সঙ্গে উত্তর গোড়ানের নূরের বাগ এলাকার ৯৩ নম্বর বাসার নিচতলায় ভাড়া থাকতেন এবং বর্তমানে বেকার ছিলেন।

নিহতের বাবা কৃষ্ণচন্দ্র রায় কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার ছেলের একটি আইফোনের সখ ছিল। সে আইফোন ১৭ নিবে। বেশ কয়েকদিন যাবত আমাকে কিনে দেওয়ার কথা বলছিল। আমার কাছে এই মুহূর্তে টাকা না থাকায় আমি ওকে বলেছিলাম বাবা আর কিছুদিন ধৈর্য ধর এখন তো একটা ব্যবহার করছো আমার কাছে টাকা হলে আমি ফোনটা কিনে দিবো। মঙ্গলবার রাতের দিকেও আমার সঙ্গে এই বিষয় নিয়েই কথা হচ্ছিল। আমি ওকে কোনমতেই বোঝাতে পারছিলাম না।

‘আমার ছেলের সাথে কথা বলার এক পর্যায়ে ও অভিমান করে ওর ঘরে চলে যায়। পরবর্তীতে কোনো সাড়া শব্দ না পেয়ে বুধবার দিবাপূর্ব রাত আনুমানিক সোয়া ১২টার দিকে ওর ঘরে গিয়ে দেখি ও দড়ি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। নিচে একটি প্লাস্টিকের চেয়ার পড়ে ছিল। পরবর্তীতে আমরা ওকে দ্রুত অচেতন অবস্থায় স্বজনদের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে এখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সোয়া ১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, বাবারে, আমার হার্টে দুইটা রিং পড়ানো,আমি নিজেই অসুস্থ। আমার ছেলেটা শুধুমাত্র একটা ফোনের জন্য এমন কাজ করে বসবে, ওর মনে এত অভিমান ছিল। আমার একটা মাত্র সন্তান বাবা। আমি হারিয়ে ফেললাম।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এম এম আর/এএস