Dhaka Mail Logo

জাতীয়

জ্বালানি রূপান্তরে জনগণের অধিকার ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

জ্বালানি রূপান্তর মানে শুধু জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো নয়। এর সঙ্গে জনগণের অধিকার, জ্বালানি দারিদ্র্য দূরীকরণ, সাশ্রয়ী মূল্য এবং জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলোও জড়িত। জ্বালানি ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করা না গেলে এই রূপান্তর নতুন বৈষম্য ও অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘তরুণদের ভাবনা: ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার’ শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম. শামসুল আলম। সঞ্চালনা করেন ক্যাবের গবেষণা সমন্বয়ক শুভ কিবরিয়া।

আলোচনায় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জ্বালানি সম্পদের ওপর জনগণের মালিকানা, জ্বালানি দারিদ্র্য, প্রযুক্তির ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে অযৌক্তিক ব্যয় এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যকারিতা নিয়ে মতামত ও প্রশ্ন তুলে ধরেন।

আলোচক হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাদমান সাকিব খান সামি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী আর রাফি সিরাজি অন্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাফসা রশিদ, মেহতাহুল জান্নাত স্নেহা ও ফারহানা আখতার সানজিদা।

আলোচনার শুরুতে জ্বালানি সম্পদের প্রকৃত মালিকানা রাষ্ট্র, সরকার নাকি জনগণের—সে প্রশ্ন ওঠে। বক্তারা বলেন, জনগণের মালিকানা ও স্বত্বাধিকার প্রতিষ্ঠিত না হলে জ্বালানি সম্পদ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ, সম্পদের সুফল বণ্টন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করা কঠিন। এ জন্য জ্বালানি সম্পদ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ এবং সম্পদের সুফল ভোগের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা।

জ্বালানি দারিদ্র্যের প্রসঙ্গে বক্তারা বলেন, শুধু বিদ্যুতের সংযোগ থাকলেই একজন নাগরিকের জ্বালানির চাহিদা পূরণ হয় না। বিদ্যুতের দাম, মানুষের ক্রয়ক্ষমতা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং প্রয়োজন অনুযায়ী জ্বালানি ব্যবহারের সক্ষমতাও জ্বালানি দারিদ্র্য নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক। তাই জ্বালানি রূপান্তরের সুফল সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছানো জরুরি। অন্যথায় এই রূপান্তর নতুন বৈষম্য তৈরি করতে পারে।

প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা করেন শিক্ষার্থীরা। তাঁদের মতে, প্রযুক্তির ব্যবহার শুধু জ্বালানি উৎপাদন ও সরবরাহের দক্ষতা বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এর সুফল দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সবার কাছে পৌঁছাতে হবে। একই সঙ্গে প্রযুক্তির মালিকানা, নিয়ন্ত্রণ ও ব্যবহার এবং এ-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় অযৌক্তিক ব্যয় এবং নিশ্চিত মুনাফার কাঠামো নিয়েও প্রশ্ন তোলেন আলোচকেরা। তাঁদের মতে, বিদ্যুৎ উৎপাদন, ক্রয় ও সরবরাহের বিভিন্ন পর্যায়ে অস্বচ্ছ চুক্তি, অতিরিক্ত ব্যয় ও অদক্ষতার বোঝা শেষ পর্যন্ত রাষ্ট্রীয় অর্থনীতি ও সাধারণ ভোক্তার ওপর পড়ে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যয় পর্যালোচনা, অযৌক্তিক চুক্তি পুনর্মূল্যায়ন এবং অপচয় ও অদক্ষতা কমানোর ওপর গুরুত্ব দেন তাঁরা।

বিইআরসির স্বাধীনতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠে। বিদ্যুৎ ও জ্বালানির মূল্য নির্ধারণে ভোক্তার স্বার্থ কতটা বিবেচনায় নেওয়া হচ্ছে এবং গণশুনানি ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারছে কি না, তা নিয়ে মতামত দেন শিক্ষার্থীরা। বিইআরসিকে আরও স্বাধীন, কার্যকর ও জবাবদিহিমূলক করতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা জ্বালানি খাতে জনগণের মালিকানা ও অধিকার প্রতিষ্ঠা, জ্বালানি দারিদ্র্য দূরীকরণ, অতিরিক্ত ব্যয়ের কারণে রাষ্ট্র ও ভোক্তার ওপর সৃষ্ট অর্থনৈতিক চাপ এবং জ্বালানি সুবিচার প্রতিষ্ঠায় রাষ্ট্র, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নাগরিকদের দায়িত্ব নিয়ে জানতে চান।

অনুষ্ঠানে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম. শামসুল আলম বলেন, রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণের অধিকার শুধু ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রশ্ন করা, মতামত প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখাও নাগরিক অধিকারের অংশ।

তিনি বলেন, তরুণদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সমাজ ও রাষ্ট্রের বাস্তবতা পর্যবেক্ষণ, প্রশ্ন করা, বিশ্লেষণ এবং ন্যায়-অন্যায় বোঝার সক্ষমতা অর্জন করতে হবে।

জ্বালানি খাতের বিভিন্ন অনিয়ম, অস্বচ্ছতা, অযৌক্তিক বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির ঘাটতির প্রসঙ্গ তুলে অধ্যাপক শামসুল আলম বলেন, এসব সমস্যা চিহ্নিত ও সমাধানে শুধু বিশেষজ্ঞদের ওপর নির্ভর করলে হবে না। শিক্ষার্থী ও তরুণদেরও সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব নিতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য ও নীতিনির্ধারকদের কাছে জনগণের প্রত্যাশা, প্রশ্ন ও দাবি তুলে ধরতে হবে।

তরুণদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘এখন আর রক্ত দিতে হবে না, এখন শুধু নলেজ দিলেই হবে।’

তিনি আরও বলেন, জ্ঞান, যুক্তি, সাহস ও সংগঠিত নাগরিক উদ্যোগের মাধ্যমে তরুণেরা জ্বালানি খাতে ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্রের নীতিগত পরিবর্তনেও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের জ্বালানি রূপান্তরকে ন্যায্য ও টেকসই করতে শুধু জ্বালানির উৎস পরিবর্তন যথেষ্ট নয়। একই সঙ্গে জ্বালানি সম্পদের ওপর জনগণের অধিকার, মূল্য নির্ধারণে ন্যায্যতা, সবার জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, ভোক্তা অধিকার এবং কার্যকর প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ক্যাবের পক্ষ থেকে বলা হয়, জ্বালানি রূপান্তরের কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানুষ ও জনস্বার্থ। জ্বালানি খাতের নীতি ও সিদ্ধান্ত গ্রহণে ভোক্তা, তরুণ সমাজ ও নাগরিকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সাশ্রয়ী, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়সংগত জ্বালানি ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব। এ ক্ষেত্রে তরুণদের জ্ঞান, চিন্তা, প্রশ্ন ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এমআর/এআর