Dhaka Mail Logo

জাতীয়

ঢাকার সড়কে নামছে ৩ হাজার পরিবেশবান্ধব বাস

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো, যাত্রীসেবার মান বাড়ানো এবং বায়ুদূষণ কমাতে বড় ধরনের সংস্কার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি বাস পরিচালনার প্রচলিত পদ্ধতি পরিবর্তন করে ‘গ্রস-কস্ট’ মডেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনা শুরু হবে। পরবর্তী সময়ে বেসরকারি বাস মালিকদেরও এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বিশ্বব্যাংকের সহায়তায় ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় সংস্কার এবং ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়নের বিষয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এ পরিকল্পনার কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

image

মন্ত্রী বলেন, ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ, সাশ্রয়ী ও যাত্রীবান্ধব করতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বিআরটিসির মাধ্যমে সরকারি উদ্যোগে এ কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে বেসরকারি বাস মালিকদেরও নতুন ব্যবস্থার আওতায় নিয়ে আসতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

তিনি বলেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শুধু বাসের সংখ্যা বাড়ালেই হবে না, পুরো পরিচালন পদ্ধতিতে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে সমন্বিত, পরিকল্পিত ও জবাবদিহিমূলক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ করতে হবে। পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে।

বাস পরিচালনায় পরিবর্তনের প্রয়োজন

সংশ্লিষ্টরা মনে করছেন, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বাস পরিচালনার বিদ্যমান পদ্ধতিতে পরিবর্তন আনা গুরুত্বপূর্ণ। বর্তমানে বিভিন্ন রুটে বাস পরিচালনা, যাত্রী ওঠানো-নামানো, ভাড়া আদায় এবং যাত্রী সংগ্রহ নিয়ে পরিবহনগুলোর মধ্যে প্রতিযোগিতার নানা অভিযোগ রয়েছে।

একই রুটে একাধিক পরিবহনের বাসের মধ্যে প্রতিযোগিতা, নির্ধারিত সময়সূচি অনুসরণ না করা, যত্রতত্র বাস থামানো এবং সড়কে যানজট সৃষ্টির মতো সমস্যা নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি বাড়াচ্ছে। নতুন ব্যবস্থার মাধ্যমে এসব সমস্যা কমিয়ে নিয়মতান্ত্রিক গণপরিবহন কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চালু হবে ‘গ্রস-কস্ট’ মডেল

প্রস্তাবিত সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন। এ মডেলে প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর এবং যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে।

এ ব্যবস্থায় যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়ার অর্থ সরাসরি বাস অপারেটরের কাছে যাবে না। কর্তৃপক্ষের মাধ্যমে তা সংগ্রহ করা হবে। অন্যদিকে, নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে বাস পরিচালনার বিপরীতে অপারেটরকে প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে।

অর্থাৎ, বাসে কতজন যাত্রী উঠেছেন বা কত টাকা ভাড়া আদায় হয়েছে, তার পরিবর্তে নির্ধারিত সূচি ও মান বজায় রেখে কত দূরত্ব বাস পরিচালনা করা হয়েছে, তার ভিত্তিতে অপারেটরের পাওনা নির্ধারণ করা হবে।

এ ধরনের ব্যবস্থায় যাত্রী সংগ্রহের জন্য বাসগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা কমানো, নির্ধারিত সময়সূচি অনুসরণ এবং সেবার মান বজায় রাখার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বাস পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কেন্দ্রীয় তদারকি নিশ্চিত করাও সহজ হবে।

বৈদ্যুতিক বাসে কমবে বায়ুদূষণ

নতুন পরিকল্পনায় বৈদ্যুতিক বাস চালুর বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রচলিত জ্বালানিচালিত বাসের পরিবর্তে বিদ্যুৎচালিত বাস ব্যবহারের ফলে যানবাহন থেকে নির্গত ধোঁয়া ও স্থানীয় বায়ুদূষণ কমানোর সুযোগ তৈরি হবে।

পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর বাসের মাধ্যমে যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। তবে এ ধরনের বাস কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় চার্জিং অবকাঠামো, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং দক্ষ জনবল গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।

বাস্তবায়নে রয়েছে নানা চ্যালেঞ্জ

রাজধানীতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য প্রয়োজনীয় গন্তব্যে যাতায়াতের জন্য গণপরিবহনের ওপর নির্ভর করেন। কিন্তু বাসের অনিয়ন্ত্রিত চলাচল, যানজট, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে অসদাচরণ এবং পর্যাপ্ত মানসম্মত যানবাহনের অভাব নিয়ে দীর্ঘদিন ধরে নগরবাসীর অভিযোগ রয়েছে।

এ অবস্থায় নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করা, নির্ধারিত স্টপেজ ও সময়সূচি অনুসরণ এবং যাত্রীসেবায় পেশাদারত্ব প্রতিষ্ঠার বিষয়গুলো সংস্কার কার্যক্রমে গুরুত্ব পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তবে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন, বাস সংগ্রহ, চার্জিং স্টেশন স্থাপন, রুট পুনর্বিন্যাস, অপারেটর নির্বাচন এবং বিদ্যমান পরিবহন মালিকদের নতুন ব্যবস্থায় যুক্ত করার মতো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে।

পাশাপাশি নতুন মডেলে ভাড়া নির্ধারণ, বাসের রক্ষণাবেক্ষণ এবং সেবার মান নিয়মিত পর্যবেক্ষণের জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলাও জরুরি।

সভায় সড়ক পরিবহন ও সেতু বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমেসহ বিশ্বব্যাংকের প্রতিনিধিরা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআর