জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম
ঢাকার অপরাধ জগতের এক সময়ের অন্যতম আলোচিত নাম সুইডেন আসলাম। যার নাম শুনলে ব্যবসায়ীরা আতঙ্কে কেঁপে উঠতেন। ঢাকায় কোনো হত্যাকাণ্ড ঘটলেই যার নাম চলে আসতো গণমাধ্যমের প্রথম পাতায়। যাকে আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন খুঁজেই পাননি।
সুইডেন আসলাম দীর্ঘদিন কারাগারে ছিলেন। গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। আড়াই বছরে ঢাকায় বিভিন্ন খুন হত্যা ও গুলির ঘটনায় সুইডেন আসলাম এবং তার গ্রুপের সদস্যদের নাম আসতে শুরু করে। কিন্তু তিনি ছিলেন আড়ালে। সব শেষ এবার থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই শীর্ষ সন্ত্রাসী। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে থাইল্যান্ডে যাওয়ার প্রস্তুতিকালে সোমবার সকালে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে এক সময় ঢাকার অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে যার নাম ঘুরেফিরে আসতো। সেই সুইডেন আসলাম কে? কীভাবে তার উত্থান, আর কেনই বা এত বছর পর আবারও আলোচনায় তিনি।
এক সময় ঢাকার কারওয়ান বাজার, তেজগাঁও ও আশপাশের অপরাধজগতের মাফিয়া সংস্কৃতির নিয়ন্ত্রক হিসেবে সুইডেন আসলামের নাম বারবার আলোচনায় আসতো। তার জীবনের পুরোনো এই অধ্যায় এখন আবারও সামনে নিয়ে এসেছে রাজধানীর পুরোনো সন্ত্রাসী নেটওয়ার্ক ও অপরাধজগতের নানা ইতিহাস।
যেভাবে উত্থান সুইডেন আসলামের
সুইডেন আসলামের পুরো নাম আসলাম। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। পরিবারসহ থাকতেন রাজধানীর ইন্দিরা রোডে। তেজগাঁও পলিটেকনিক স্কুল থেকে এসএসসি পাস করেন তিনি।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে ঢাকার অপরাধজগতে তার উত্থান ঘটে। শুরুতে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় নিজের প্রভাব বিস্তার করেন তিনি। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে প্রথম বড় ধরনের আলোচনায় আসেন আসলাম। পরবর্তী সময়ে তার প্রভাব ছড়িয়ে পড়ে কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায়।
জানা গেছে, নব্বইয়ের দশকে কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় আধিপত্য ছিল জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপের। এই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন পিচ্চি হান্নান। এলাকা নিয়ন্ত্রণ ও অপরাধমূলক কর্মকাণ্ডের আধিপত্য নিয়ে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে সুইডেন আসলামের বিরোধ তীব্র হয়। দুই পক্ষের মধ্যে প্রায়ই হামলা, পাল্টা হামলা, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটতো। এতে হতাহতের ঘটনাও ঘটে। একপর্যায়ে ১৯৯৬ সালে রানা গ্রুপের অন্যতম সদস্য পিচ্চি হান্নানকে নিজের দলে ভেড়ান আসলাম। অভিযোগ রয়েছে, ওই বছর হান্নানকে ব্যবহার করে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানাকে হত্যা করান তিনি।
এরপর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও ও আশপাশের এলাকার অপরাধজগতের নিয়ন্ত্রণ সুইডেন আসলামের হাতে চলে আসে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এসব এলাকার দায়িত্বের একটি বড় অংশ তিনি পিচ্চি হান্নানের হাতে তুলে দেন।
নামের আগে ‘সুইডেন’ কেন?
আসলামের নামের আগে সুইডেন শব্দটি যুক্ত হওয়ার পেছনেও রয়েছে ব্যক্তিগত জীবনের একটি ঘটনা। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেন প্রবাসী। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে অবস্থান করেন। সেই সময় থেকেই তার নামের সঙ্গে সুইডেন শব্দটি যুক্ত হয়ে যায়। পরে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে।
বুলেটপ্রুফ জ্যাকেট পরে চলতেন আসলাম
নব্বইয়ের দশকে রাজধানীতে একের পর এক আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় সুইডেন আসলামের নাম উঠে আসতো। তবে তাকে সহজে দেখা যেত না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে ছদ্মবেশে চলাফেরা করতেন বলে প্রচলিত ছিল। নিজের নিরাপত্তায় সবসময় বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার করতেন বলেও জানা যায়।
যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর ১৯৯৭ সালের ২৬ মে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তখন তার বয়স ছিল ৩৫ বছর। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছিল বলে জানা যায়।
তবে গ্রেফতারের পরও অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ থেমে ছিল না। তার সাঙ্গপাঙ্গরা নানা অপরাধ করতেন।
কারাগারে থেকেও অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ
বিভিন্ন সূত্রের দাবি, কারাগারে থেকেও ঘনিষ্ঠ সহযোগী পিচ্চি হান্নানের মাধ্যমে নিজের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন আসলাম। কারওয়ান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চলের আড়ত মালিক, গার্মেন্টস ব্যবসায়ী এবং জমি কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে তার নামে চাঁদা আদায়ের অভিযোগ ছিল হান্নান ও তার বাহিনীর বিরুদ্ধে। আদায় করা অর্থের একটি অংশ কারাগারে বসেই আসলামের কাছে পৌঁছাতো বলে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে। এ ছাড়াও মাদক চোরাকারবার, কন্ট্রাক্ট কিলিং এবং অর্থের বিনিময়ে জমি দখলের মতো অপরাধের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় আলোচনায় আসেন তিনি। তার সেল থেকে দুটি মোবাইল ফোন উদ্ধারের কথাও জানা যায়। এসব ফোন ব্যবহার করে কারাগারের বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ কারণে বিভিন্ন সময়ে তাকে একাধিক কারাগারে স্থানান্তর করা হয়।
২৭ বছর পর মুক্তি আবারও গ্রেফতার
বিভিন্ন সময়ে সুইডেন আসলামের বিরুদ্ধে মোট ২২টি মামলা হয়েছিল। এর মধ্যে নয়টি ছিল হত্যা মামলা। অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাসহ কয়েকটি মামলায় দণ্ডিতও হয়েছিলেন তিনি। দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। তখন তার বয়স ছিল ৬৪ বছর।
মুক্তির পর এরপর দেশেই ছিলেন বলে জানা যায়। সোমবার সকালে থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতিকালে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
এমআইকে/এফএ