Dhaka Mail Logo

জাতীয়

জুলাইয়ের অংশীজন ও রাজনৈতিক নেতাদের ওপর হামলার নিন্দা

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ এএম

জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন, সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং তাঁদের পরিবারের সদস্যদের ওপর হামলা, অগ্নিসংযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ।

রোববার (২২ নভেম্বর) রাতে সংগঠনটির পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের পরিবারের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করছে। 

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও বিভিন্ন অভিযোগের বরাতে বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে সংসদ সদস্য এস এম জিলানী ও ডা. কে এম বাবরের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার অভিযোগও তুলে ধরা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে ডাকসুর ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ডাকসুর নেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ এবং ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে।

এ ছাড়া স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন আল ইসলামের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগও বিবৃতিতে উল্লেখ করা হয়। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সংগঠনটি সাম্প্রতিক হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, ককটেল হামলা, লুটপাট ও রাজনৈতিক সহিংসতার নিন্দা জানায়।

বিবৃতিতে সংগঠনটি বলছে, গত ১৭ ও ১৮ নভেম্বরের হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় নিহতদের পরিবারের জন্য ন্যায়বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানানো হয়।

সিটিজেন ইনিশিয়েটিভ মনে করে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা, নির্বিচার হত্যাকাণ্ড, গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে বিগত ১৫ বছরের শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় অপরাধের নিরপেক্ষ তদন্ত এবং বিচার দাবি করেছে সংগঠনটি।

বিবৃতিতে সরকারের প্রতি জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন, সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্য, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সাম্প্রতিক হত্যাকাণ্ড, হামলা, অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারী, পরিকল্পনাকারী, অর্থদাতা ও নির্দেশদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা এবং বিগত ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, দুর্নীতি ও রাষ্ট্রীয় দমন-পীড়নের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

সংগঠনটি বলেছে, রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর পুনর্বাসন, নিরাপত্তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

সংগঠনটি আরও বলছে, কোনো রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের আড়ালে হত্যাকাণ্ড, অগ্নিসন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের দায় এড়ানোর সুযোগ নেই। অতীতের অপরাধের বিচার নিশ্চিত করার পাশাপাশি বর্তমানের রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে সরকারকে আগাম কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রতিশোধের পরিবর্তে আইনের শাসন প্রতিষ্ঠা, অপরাধীদের জবাবদিহি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ।

এএইচ/এএইচ