Dhaka Mail Logo

জাতীয়

ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান আবদুস সালামের

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ এএম

ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেন, যারা অগ্নিসংযোগ, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। যারা মানুষের বুক খালি করেছে এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই।

রোববার (২২ নভেম্বর) রাতে রাজধানীর আইডিবি ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছর অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন ও নিপীড়ন সহ্য করেও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করেছেন। রিকশাশ্রমিকেরাও জীবিকার ঝুঁকি নিয়ে প্রতিটি আন্দোলন-সংগ্রামে বিএনপির পাশে ছিলেন। আন্দোলনের সময় তাদের সংগঠনের কয়েকজন সদস্যকে হত্যা করা হলেও তারা রাজপথ থেকে সরে যাননি।

তিনি বলেন, ‘যখন আমাদের অনেকেই রাজপথে নামতে ভয় পেয়েছেন, তখন আপনারা রিকশা নিয়ে বিভিন্ন রাস্তায় আন্দোলনের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে ও তারেক রহমানের পক্ষে স্লোগান দিয়েছেন।’

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ১৭ বছরের লুটপাটে যে ক্ষতি হয়েছে, তা দুই-চার কিংবা পাঁচ-ছয় মাসে কাটিয়ে ওঠা সম্ভব নয়। বিদ্যুৎ, গ্যাস ও ব্যাংক খাতের সংকট কাটিয়ে উঠতে সময় প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি সংকটের মধ্যে ছিল। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় অর্থনীতির ওপর আরও চাপ তৈরি হয়েছে।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে অভিযোগ করে আবদুস সালাম বলেন, পরাজিত ফ্যাসিবাদ বিভিন্ন জায়গায় জ্বালাও-পোড়াও, গাড়িতে আগুন দেওয়া ও মানুষ হত্যার মাধ্যমে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে হত্যা, জুলুম ও আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে কেউ মানুষের মন জয় করতে পারেনি।

বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, দলটির ওপর অনেক অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন চালানো হয়েছে। তারপরও বিএনপি কখনো আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে জড়ায়নি। বরং প্রকাশ্যে থেকে জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। দেশের প্রতিটি দুঃসময়ে বিএনপি মানুষের পাশে ছিল।

রিকশাচালক ও মালিকদের উদ্দেশে আবদুস সালাম বলেন, প্রয়োজনীয় তথ্য ও জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করে রিকশার লাইসেন্স নিতে হবে। যাচাই-বাছাই শেষে লাইসেন্স দেওয়া হবে। কাউকে বঞ্চিত করা সিটি কর্পোরেশনের উদ্দেশ্য নয়। তবে সবাইকে নিয়মের মধ্যে থেকে রিকশা চালাতে হবে।

রাজধানীর হকারদের বিষয়ে তিনি বলেন, ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। তবে শুধু উচ্ছেদ করলেই সমস্যার সমাধান হবে না; হকারদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে। ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে রিকশাচালক, হকারসহ নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ষড়যন্ত্র সব সময় থাকবে। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। তারেক রহমানের সরকারকে সহযোগিতা করা দলের নেতাকর্মীসহ সবার দায়িত্ব।

রিকশা ভ্যান অটোচালক দলের আহ্বায়ক আশফাকুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহাফুজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, রিকশা ভ্যান অটোচালক দলের সমন্বয়ক আরিফুল রহমান তুষারসহ বিভিন্ন এলাকা থেকে আসা রিকশাচালকেরা।

এম/এএইচ