২২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম
রাজধানীর লালবাগে একটি রেস্টুরেন্টে গ্যাসলাইনের বিস্ফোরণে পাঁচ কর্মচারী ও এক মিস্ত্রিসহ ছয়জন দগ্ধ হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালবাগ থানাধীন ‘কাচ্চি খানাস’ নামের রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন— মিস্ত্রি পলাশ (৪২) এবং রেস্টুরেন্টের কর্মচারী নয়ন শিকদার (২৬), রবিন (২৪), নয়ন (২৪), নিরব (২৫) ও জনি (১৮)।
দগ্ধ নয়ন শিকদার জানান, রাত সাড়ে ৮টার দিকে রেস্টুরেন্টে গ্যাসলাইনের কাজ করছিলেন মিস্ত্রি পলাশ। কাজের সময় গ্যাসলাইনের চাবি খোলা থাকায় কক্ষে গ্যাস জমে যায়। একপর্যায়ে লাইন পরীক্ষা করতে আগুন জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে রেস্টুরেন্টের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে মিস্ত্রি পলাশসহ তারা পাঁচ কর্মচারী দগ্ধ হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর রেস্টুরেন্টের অন্য কর্মচারীরা তাদের উদ্ধার করেন। পরে রাত সোয়া ৯টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ ছয়জনকেই ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমএমআর/এএইচ