নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুর জেলার চার উপজেলার দীর্ঘদিনের সীমানা জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার সীমানা নির্ধারণ এবং প্রশাসনিক জটিলতা দূর করতে বৈঠক করেছেন সরকারের তিন মন্ত্রীসহ সংশ্লিষ্ট সংসদ সদস্য ও কর্মকর্তারা।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও হিজলা, ভোলা জেলার ভোলা সদর এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মধ্যকার আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণ নিয়ে সভায় আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, মেঘনা নদীবিধৌত এসব এলাকার সীমানা জটিলতা নিরসন করা গেলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও গতি ফিরবে। বিদ্যমান নথিপত্র এবং সিএস, এসএ, আরএস ও দিয়ারা জরিপের রেকর্ড পর্যালোচনা করে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে দ্রুত সীমানা নির্ধারণের ওপর গুরুত্ব দেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেন, সীমানা বিরোধের কারণে চরাঞ্চল ও নদীভাঙনকবলিত এলাকার সাধারণ মানুষ নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করা গেলে এসব এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা চিহ্নিত করার ক্ষেত্রে মাঠপর্যায়ের বাস্তবতা এবং আধুনিক ডিজিটাল জরিপ প্রযুক্তি কাজে লাগাতে হবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতায় একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান ও সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া ভূমি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
সভায় সংশ্লিষ্ট চার উপজেলার সীমানা নির্ধারণে বিদ্যমান প্রতিবন্ধকতা, আইনগত দিক এবং পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব জটিলতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।
তবে সভায় সীমানা নির্ধারণের নির্দিষ্ট সময়সীমা, দায়িত্বপ্রাপ্ত সংস্থা কিংবা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এএইচ/জেবি