Dhaka Mail Logo

জাতীয়

স্মার্টকার্ড বাড়িতে পৌঁছানোর উদ্যোগ ইসির, বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা

মো. মেহেদী হাসান হাসিব

২২ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

নাগরিকদের ভোগান্তি কমাতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্টকার্ড সরাসরি ভোটারদের বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ডাক বিভাগের মাধ্যমে এ কার্যক্রম চালুর কথা রয়েছে। তবে কারিগরি ও প্রশাসনিক জটিলতায় স্মার্টকার্ড ছাপানোর কাজেই এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। ফলে ঘরে বসে কার্ড পাওয়ার নতুন উদ্যোগের কথা জানালেও কবে নাগাদ এ সুবিধা চালু হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

ইসি সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে মাঠপর্যায়ে বিতরণের অপেক্ষায় পড়ে আছে এক কোটি ৩৮ লাখের বেশি স্মার্টকার্ড। দীর্ঘদিন ধরে এসব কার্ড সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে সংরক্ষিত থাকলেও অনেক ভোটার সেগুলো সংগ্রহ করেননি। আবার কার্ড নিতে গিয়ে ভোগান্তিরও শেষ নেই। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেককে ফিরতে হয় কার্ড ছাপা না হওয়ার কারণে। এতে বিতরণকেন্দ্রে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।

এ পরিস্থিতি থেকে উত্তরণে ভোটারদের বর্তমান ঠিকানায় স্মার্টকার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে কমিশন। এতে নির্ধারিত ঠিকানায় ডাক বিভাগের মাধ্যমে কার্ড পৌঁছে গেলে ভোটারদের আর নির্বাচন কার্যালয়ে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। তবে ঠিকানায় প্রাপককে পাওয়া না গেলে কার্ড ফেরত পাঠানো হবে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে। পরে সেখান থেকেই তা সংগ্রহ করতে পারবেন ভোটাররা।

স্মার্টকার্ড ছাড়া এনআইডির অন্যান্য সেবাও হোম ডেলিভারির আওতায় আনা হবে কি না, জানতে চাইলে ইসি সূত্র জানায়, বর্তমানে এনআইডি সংশোধনসংক্রান্ত সেবা নাগরিকরা ঘরে বসেই নিতে পারছেন। এ ছাড়া ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার নিবন্ধনের কাজ করা হয়। তবে সারা বছর যে ভোটার নিবন্ধন কার্যক্রম চলে, তা করতে নাগরিকদের সংশ্লিষ্ট কার্যালয়ে যেতে হয়। ভবিষ্যতে এ সেবাও ঘরে বসে দেওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের।

বিডি পোস্টের মাধ্যমে পৌঁছাবে স্মার্টকার্ড

ভোটারদের ঠিকানায় স্মার্টকার্ড পৌঁছে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত ভোটারদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। ভোটাররা সেখান থেকে ভোট দিয়ে তা দেশে ফেরত পাঠিয়েছিলেন। এ কার্যক্রম বিডি পোস্টের মাধ্যমে সম্পন্ন করা হয়েছিল।

আরও পড়ুন

অবিতরণকৃত স্মার্টকার্ড ধ্বংসের পরিকল্পনা ইসির

নির্বাচন কমিশনার বলেন, নাগরিকদের স্মার্টকার্ডও বিডি পোস্টের মাধ্যমে তাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। এতে স্মার্টকার্ড সংগ্রহের জন্য ভোটারদের আর নির্বাচন কমিশনে আসতে হবে না। তবে সংশ্লিষ্ট ঠিকানায় নাগরিকদের পাওয়া না গেলে কার্ডগুলো ফেরত আসবে। পরে সেগুলো কমিশনের কাছে সংরক্ষিত থাকবে।

সংকট কাটেনি স্মার্টকার্ড ছাপার, শুরু হচ্ছে না নভেম্বরে

কারিগরি ও আর্থিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই সংকটে রয়েছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছাপানোর কার্যক্রম। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে পূর্ণ সক্ষমতায় স্মার্টকার্ড ছাপানোর কাজ শুরুর পরিকল্পনা থাকলেও প্রিন্টিং মেশিনের সফটওয়্যার সমস্যা, দীর্ঘদিনের বকেয়া বিল এবং দক্ষ জনবল সংকটে তা সম্ভব হচ্ছে না। তবে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের সেবা অব্যাহত রয়েছে।

স্মার্টকার্ড ছাপার জটিলতা কাটেনি। ছবি: সংগৃহীত
স্মার্টকার্ড ছাপার জটিলতা কাটেনি। ছবি: সংগৃহীত

গত অক্টোবর মাসে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, স্মার্টকার্ড পারসোনালাইজেশন সেন্টার পূর্ণ সক্ষমতায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে কেন্দ্রটিতে পুরোদমে স্মার্টকার্ড ছাপানোর কার্যক্রম চালু করা হবে। এ জন্য কেন্দ্রটির চুক্তি, অডিট আপত্তি ও অন্যান্য প্রশাসনিক জটিলতা সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছিল।

তবে ইসি কর্মকর্তারা জানান, কমিশনের নির্দেশনা অনুযায়ী চুক্তি, অডিট আপত্তি ও অন্যান্য প্রশাসনিক জটিলতা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘদিনের এসব সমস্যা অল্প সময়ে শেষ করা সম্ভব হয়নি। এ জন্য আরও কিছুদিন সময় লাগবে। ফলে নভেম্বর থেকে স্মার্টকার্ড পারসোনালাইজেশন সেন্টারে পূর্ণ সক্ষমতায় কার্ড ছাপানোর কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

আরও পড়ুন

এনআইডি সংশোধনে বাধ্যতামূলক হচ্ছে আবেদনকারীর নিজস্ব মোবাইল নম্বর

স্মার্টকার্ড ছাপানোর সফটওয়্যার জটিলতার বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ঢাকা মেইলকে বলেন, স্মার্টকার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা হচ্ছে। বিষয়টি শনাক্ত করে সমাধানের চেষ্টা চলছে। তবে এতে এনআইডি সেবা বন্ধ নেই। কারও এনআইডি সংশোধনের আবেদন অনুমোদিত হলে তিনি ওয়েবসাইট থেকে নিজেই তা প্রিন্ট করে লেমিনেট করে ব্যবহার করতে পারবেন। শুধু স্মার্টকার্ড ছাপানোর কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে।

নির্বাচন কমিশনার বলেন, দীর্ঘদিন ধরে স্মার্টকার্ড ছাপানোর কাজে চুক্তিসংক্রান্ত জটিলতা রয়েছে। ২০১৭ সালের ১ জুলাই থেকে এ সমস্যা শুরু হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করা হয়নি। এর মধ্যে একটি অডিট আপত্তিও অনিষ্পন্ন রয়েছে। এসব বিষয় কীভাবে সমাধান করে কাজ চালিয়ে নেওয়া যায়, তা নিয়ে কমিশন আলোচনা করেছে। এটি জাতীয় সেবা হওয়ায় বন্ধ রাখা যাবে না।

সোয়া কোটি স্মার্টকার্ড অবিতরণকৃত

ইসি সূত্র জানায়, দেশে বর্তমানে ১২ কোটি ৮৭ লাখের বেশি ভোটার রয়েছেন। নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভোটারের স্মার্ট এনআইডি পাওয়ার কথা। এ জন্য বিপুল ব্যয়ে পরপর দুটি প্রকল্পও বাস্তবায়ন করেছে কমিশন। দেশের মোট ৫২২টি উপজেলার মধ্যে এ পর্যন্ত ৪০৭টি উপজেলার ২০১৬ সাল পর্যন্ত হালনাগাদকৃত এবং ২০১৯ সালের হালনাগাদের কিছু ভোটারের স্মার্টকার্ড প্রিন্ট করে মাঠপর্যায়ে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এতে মোট আট কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৫৫৮টি স্মার্টকার্ডের মধ্যে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সাত কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৪৫৮টি কার্ড বিতরণ করা হয়েছে। এখনো এক কোটি ৩৮ লাখ ৫৭ হাজার ১০০টি কার্ড অবিতরণকৃত অবস্থায় রয়েছে, যা প্রিন্ট করা কার্ডের ১৫ দশমিক ৮২ শতাংশ। এ ছাড়া ২৮৬টি উপজেলায় কার্ড রিবক্সিংয়ের কাজ এখনো শুরু হয়নি।

সব সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছাতে চায় ইসি। ছবি: সংগৃহীত
সব সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছাতে চায় ইসি। ছবি: সংগৃহীত

অন্যদিকে, এ হিসাবের বাইরে এখনো বিপুলসংখ্যক ভোটারের স্মার্টকার্ড ছাপানো বাকি রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত সাড়ে পাঁচ কোটির বেশি মানুষের স্মার্টকার্ড প্রিন্ট হয়নি। যদিও একই ব্যক্তির একাধিক কার্ড নেওয়ার ঘটনাও রয়েছে।

যেভাবে শুরু স্মার্টকার্ড প্রকল্প

২০০৭ ও ২০০৮ সালে প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে এ ভোটার তালিকার তথ্য ব্যবহার করে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। এর পরিপ্রেক্ষিতে নাগরিকদের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে বিশ্বব্যাংকের সহায়তায় ২০১১ সালে আইডিইএ (স্মার্টকার্ড) প্রকল্পের যাত্রা শুরু হয়।

নানা জটিলতা কাটিয়ে চার বছর পর ২০১৫ সালের ১৪ জানুয়ারি ফ্রান্সের প্রতিষ্ঠান অবার্থার টেকনোলজিসের সঙ্গে চুক্তি করে ইসি। ১৮ মাসের মেয়াদে ৯ কোটি নাগরিকের জন্য ৯ কোটি স্মার্টকার্ড তৈরির চুক্তি হয়। এরপর ২০১৬ সালের ৩ অক্টোবর স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করে কমিশন।

আরও পড়ুন

ইউপি নির্বাচন ঘিরে ভোটার এলাকা পরিবর্তনের হিড়িক

তবে মেয়াদ বৃদ্ধির পরও ২০১৭ সালের জুন পর্যন্ত চুক্তির শর্ত অনুযায়ী কার্ড সরবরাহ করতে পারেনি প্রতিষ্ঠানটি। এ কারণে চুক্তি বাতিল করা হয় এবং ওই বছরের শেষে অবার্থারের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

অবার্থারের সঙ্গে চুক্তি শেষ হলে দেশীয় প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) থেকে স্মার্টকার্ড নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। এদিকে ২০১৮ সালে বিশ্বব্যাংকের সঙ্গেও স্মার্টকার্ড প্রকল্পের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর রাজস্ব খাত থেকে প্রকল্পের ব্যয় মেটানো হচ্ছে।

পরবর্তী সময়ে আইডিইএ প্রকল্পের মেয়াদ শেষ হলে ২০২০ সালের ২৪ নভেম্বর আইডিইএ দ্বিতীয় প্রকল্প হাতে নেয় কমিশন। এ প্রকল্পের আওতায় প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএমটিএফের কাছ থেকে ৪০৬ কোটি ৫০ লাখ টাকায় তিন কোটি ব্ল্যাংক স্মার্টকার্ড সরবরাহের কথা ছিল।

তবে কয়েক বছরে ডলারের দাম বেড়ে যাওয়ায় চুক্তিতে পরিবর্তন আনা হয়। কার্ডপ্রতি ১৩৫ টাকা ৫০ পয়সার পরিবর্তে ৩৬ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১৭২ টাকা দরে দুই কোটি ৩৬ লাখ কার্ড কেনার সিদ্ধান্ত নেয় কমিশন। বর্তমানে সব নতুন ভোটারকে সাধারণ জাতীয় পরিচয়পত্র দিচ্ছে নির্বাচন কমিশন।

সবশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

এমএইচএইচ/জেবি