নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল আদায়ে অর্থ আত্মসাৎ করার অভিযোগে টোল আদায় কক্ষে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
তিনি জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডে (এফডিইই) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট। তাদের বিরুদ্ধে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায়, অর্থ আত্মসাৎ ও সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে।
অভিযানকালে টিম তেজগাঁও ও কুড়িল টোল প্লাজায় সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র সংগ্রহ করে। প্রাথমিক পরিদর্শন ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে টোল প্লাজাগুলোতে যানবাহন গণনা ও টোল আদায় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়।
তিনি আরও জানান, এছাড়া সরকারের প্রাপ্য রাজস্ব ফাঁকির অভিযোগের বিষয়ে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট রেকর্ডপত্র তলব করা হবে। সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা এবং বিশ্লেষণপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
এদিকে অভিযোগ রয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন প্রকৃতপক্ষে যত যানবাহন চলাচল করে, টোল আদায়ের হিসাবে তার চেয়ে কম সংখ্যা দেখানো হচ্ছে। এর মাধ্যমে টোলের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করা হচ্ছে।
এর আগে গত ১৯ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি প্রকৃত যানবাহনের তুলনায় কম সংখ্যা দেখিয়ে টোল আদায়ের হিসাব দিচ্ছে। পাশাপাশি অনুমোদন ছাড়া টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত ও পদাবনতি করার অভিযোগ রয়েছে।
একেএস/এএইচ