Dhaka Mail Logo

জাতীয়

এসএমই খাত ঘিরে সরকারের মহাপরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্দিষ্ট গোষ্ঠীকেন্দ্রিক অর্থনৈতিক কাঠামোর পরিবর্তে একটি প্রতিযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক ও উদ্যোক্তাবান্ধব অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার। আর এই লক্ষ্য বাস্তবায়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বেছে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার বা জিডিপি এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের এমন অর্থনৈতিক রূপরেখা তুলে ধরেছেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ইতোমধ্যে ‘জাতীয় এমএসএমই নীতিমালা ২০২৬’ এর খসড়া প্রণয়ন করেছে, যা শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদিত হবে। বাংলাদেশকে একটি ‘ম্যানুফ্যাকচারিং হাব’ ও ‘এক্সপোর্টিং গেটওয়ে’ হিসেবে প্রতিষ্ঠার রূপকল্প নিয়ে প্রণীত এই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করা এবং এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশ্বজুড়ে মোট ব্যবসার প্রায় ৯০ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ উল্লেখ করে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়া, জাপান, ভিয়েতনাম ও জার্মানির পাশাপাশি ইতালির উদাহরণ তুলে ধরে বলেন, ইতালির মোট ব্যবসার প্রায় ৯৯ শতাংশই এসএমই এবং দেশটির অর্থনীতির মূল ভিত্তি হলো বিশেষায়িত ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার। বাংলাদেশের এসএমই ফাউন্ডেশনও ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ এবং ক্রিয়েটিভ ইকোনমি কর্মসূচির আওতায় এনে আধুনিক ডিজাইন ও প্যাকেজিংয়ের মাধ্যমে বিশ্ববাজারে যুক্ত করা গেলে আগামী পাঁচ বছরে কমপক্ষে ৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। এজন্য এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ‘ন্যাশনাল ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার’ প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তৈরি পোশাক শিল্পের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে প্রথমবারের মতো গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা ও বিদেশে শ্রম রফতানির যে ধারা শুরু করেছিলেন, তা আজও অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এখন তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে সক্ষমতা বাড়াতে হবে। এসএমই প্রতিষ্ঠানগুলোকে কেবল স্থানীয় বাজারের ওপর নির্ভরশীল না থেকে বড় শিল্পের সহযোগী উৎপাদক ও রফতানিমুখী মূল্য শৃঙ্খলের অংশ হওয়ার আহ্বান জানাই।

এ ছাড়া আন্তর্জাতিক এসএমই ফেয়ার আয়োজনের নীতিগত সিদ্ধান্তের কথাও জানান সরকারপ্রধান।

উদ্যোক্তাদের মূলধন ও প্রশাসনিক জটিলতা দূর করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসএমই ঋণের সুদের হার কমিয়ে সিঙ্গেল ডিজিটে আনা হয়েছে। ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের মাধ্যমে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে ঋণসুবিধা দেওয়া হবে।

ব্যবসা পরিচালনা সহজ করতে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা দূর (ডিরেগুলেশন) করার পাশাপাশি এমএসএমই খাতের জন্য ‘প্রেফারেনশিয়াল ট্যাক্স রেজিম’ (পিটিআর) প্রবর্তনের বিষয়টি বিবেচনা করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন,  পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে জিআই ও ট্রেডমার্ক নিবন্ধনে সহায়তা দেওয়া হবে।

চাকরির পেছনে না ছুটে তরুণদের চাকরিদাতা হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশনের ‘এসএমই-সৃষ্টি’ কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতি বছর ১০০ জন করে মোট ২৫ হাজার ৬০০ জন নতুন উদ্যোক্তা গড়ে তোলা হবে।

দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এবারের এসএমই মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশই নারী। বুটিক, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের এই অংশগ্রহণকে আরও বেগবান করতে অর্থায়ন, প্রশিক্ষণ ও বিপণনের সকল বাধা দূর করতে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে।

বিইউ/এফএ