Dhaka Mail Logo

জাতীয়

চাকরিতে অভিজ্ঞতা, ব্যবসায় ঋণ- দুই সংকটে তরুণরা

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম

চাকরি পেতে অভিজ্ঞতা চান নিয়োগকর্তারা। কিন্তু কাজের সুযোগ না পেলে অভিজ্ঞতা অর্জন করবেন কীভাবে, সেই প্রশ্ন তরুণদের। আবার যারা নিজের উদ্যোগে ব্যবসা শুরু করতে চান, তাদের বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থায়ন। 

সহজ শর্তে ঋণ না পাওয়া, প্রয়োজনীয় পরামর্শ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে অনেক সম্ভাবনাময় উদ্যোগও এগোতে পারছে না। ফলে চাকরি ও ব্যবসার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারছেন না অনেক তরুণ।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণায় তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে এসব সমস্যা উঠে এসেছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর সিআইআরডিএপি মিলনায়তনে ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তরুণদের অর্থনৈতিক সুযোগ ও বাস্তবতা’ শীর্ষক অনুষ্ঠানে গবেষণার ফল তুলে ধরা হয়। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় গবেষণাটি পরিচালিত হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, তরুণদের অর্থনৈতিক অগ্রগতির পথে বাধা শুধু দক্ষতার অভাব বা কাজের সুযোগের স্বল্পতা নয়। নীতি ও পরিকল্পনার সঙ্গে মাঠপর্যায়ের মানুষের সংযোগ এবং প্রয়োজনীয় সহযোগিতার ঘাটতিও বড় সমস্যা। 

পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এ অবস্থাকে ‘মিসিং মিডল’ বা ‘অনুপস্থিত মধ্যস্তর’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, "সুযোগ তৈরি হলেও সেগুলোকে চাকরি, ব্যবসা কিংবা স্থায়ী আয়ের উৎসে পরিণত করার ব্যবস্থা দুর্বল।"

২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে রাজশাহী, যশোর ও চট্টগ্রামে আঞ্চলিক পর্যায়ে গবেষণাটি পরিচালিত হয়। এতে ১০০ জন তরুণ এবং ৫৯ জন নিয়োগকর্তা ও উদ্যোক্তার কাছ থেকে তথ্য নেওয়া হয়। পাশাপাশি নওগাঁ, পীরগঞ্জ, যশোর হাইটেক পার্ক, নোয়াখালীর উপকূলীয় এলাকা এবং বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকায় মাঠপর্যায়ে আলোচনা করা হয়। তবে এটি জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্বশীল জরিপ নয় বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

গবেষণায় দেখা যায়, অঞ্চলভেদে তরুণদের কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ থাকলেও সেগুলো কাজে লাগানোর ক্ষেত্রে নানা সমস্যা রয়েছে। রাজশাহীতে আমসহ বিভিন্ন কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের সম্ভাবনা আছে। তবে পণ্য সংরক্ষণ, মান যাচাই এবং অর্থায়নের অভাবে এসব খাতে নতুন উদ্যোগ গড়ে তোলা কঠিন হচ্ছে।

যশোরে তথ্যপ্রযুক্তি, হালকা প্রকৌশল, ফুল চাষ এবং নারীদের পরিচালিত ব্যবসার সুযোগ রয়েছে। স্থানীয় খাদ্য ও সংস্কৃতিভিত্তিক উদ্যোগের সম্ভাবনাও আছে। কিন্তু এসব উদ্যোগ এগিয়ে নিতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা মিলছে না। এ ক্ষেত্রে যশোর হাইটেক পার্কের অব্যবহৃত অবকাঠামোকে সরকারি বিনিয়োগের যথাযথ ব্যবহার না হওয়ার উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।

নোয়াখালীতে সয়াবিন উৎপাদিত হলেও এর প্রক্রিয়াজাতকরণের বড় অংশ অন্য এলাকায় হওয়ায় স্থানীয়ভাবে কর্মসংস্থান ও বাড়তি আয়ের সুযোগ তৈরি হচ্ছে না। মৌসুমি ব্যবসার জন্য প্রচলিত ঋণের শর্তও অনেক ক্ষেত্রে উপযোগী নয়। বিশেষ করে নারীদের ঋণ পেতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।

চট্টগ্রামের নিয়োগকর্তারা জানিয়েছেন, তাদের প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী পাওয়া কঠিন। অন্যদিকে তরুণদের অভিযোগ, অভিজ্ঞতা না থাকায় চাকরিতে প্রবেশের সুযোগ সীমিত। কিন্তু চাকরি না পেলে অভিজ্ঞতা অর্জনের পথও বন্ধ থাকছে। শিক্ষা শেষ করে কর্মজীবনে প্রবেশের এই বাধা তরুণদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

বান্দরবানে সীমিত বাজার, অবকাঠামো ও প্রয়োজনীয় সেবার অভাবে তরুণদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ কম। তবে সেখানে আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান, হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের জন্য তরুণদের পরিচালিত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক উদ্যোগের মতো কিছু সম্ভাবনার কথাও গবেষণায় উঠে এসেছে।

গবেষণায় তরুণ ও নিয়োগকর্তা, দুই পক্ষের বক্তব্যেই দক্ষতার ঘাটতি, অর্থায়নের সমস্যা এবং বাস্তব অভিজ্ঞতার অভাবের বিষয়টি এসেছে। তবে সমস্যার দায় নিয়ে দুই পক্ষের মধ্যে ভিন্নমত রয়েছে। 

নিয়োগকর্তারা বলেন, শিক্ষিত তরুণদের অনেকের প্রয়োজনীয় কাজের দক্ষতা নেই। অন্যদিকে তরুণদের প্রশ্ন, প্রথম চাকরির সুযোগ না পেলে তারা অভিজ্ঞতা অর্জন করবেন কীভাবে?

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও লিখিত বক্তব্য পাঠান। এতে তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিকল্পনায় তরুণদের উৎপাদনশীল কর্মসংস্থানকে গুরুত্ব দিতে হবে। এ জন্য বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, "তরুণদের জন্য শুধু প্রশিক্ষণের ব্যবস্থা করলেই হবে না; প্রশিক্ষণের পর কাজের সুযোগ তৈরি এবং ব্যবসা শুরু করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তাও নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজ নিজ এলাকার অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।"

একইসঙ্গে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার, স্থানীয় পণ্যের বাজার তৈরি এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে দ্য এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি কাজী ফয়সাল বিন সিরাজ বলেন, তরুণদের জন্য অর্থবহ ও উৎপাদনশীল কর্মসংস্থান তৈরি হলে সমাজে তাদের অংশগ্রহণ ও দায়িত্ববোধ বাড়ে। একই সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতাও তৈরি হয়।

বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন বলেন, মাঠপর্যায়ে যেসব প্রাতিষ্ঠানিক বাধা রয়েছে, সেগুলো দূর করতে হবে। তরুণদের জন্য দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি উদ্যোক্তাদের পরামর্শ, হাতে-কলমে কাজ শেখা এবং ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি প্রয়োজন।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেসমে বলেন, “প্রবৃদ্ধির বর্তমান মডেল আর যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। প্রবৃদ্ধিকে কর্মসংস্থানে রূপান্তরের প্রক্রিয়ায় স্পষ্ট ফাটল দেখা দিয়েছে। এগুলো মোকাবিলায় দক্ষতা, ব্যবসাপ্রতিষ্ঠান, অর্থায়ন ও বেসরকারি বিনিয়োগে নতুন করে মনোযোগ দিতে হবে।”

তরুণদের কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ বাড়াতে গবেষণায় কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, শিক্ষানবিশির সুযোগ, প্রশিক্ষণের পর কর্মসংস্থানের তথ্য সংরক্ষণ এবং বাজারের চাহিদার সঙ্গে মিল রেখে শিক্ষাক্রম তৈরি। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, ব্যবসা পরিচালনায় পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এ ছাড়া স্থানীয় পর্যায়ে চাকরির তথ্যকেন্দ্র, ইন্টার্নশিপের সুযোগ এবং তরুণদের দক্ষতা ও আগ্রহের তথ্যভান্ডার তৈরির সুপারিশ করা হয়েছে। নীতিনির্ধারণের ক্ষেত্রেও তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর তরুণদের প্রত্যাশা শুধু চাকরির সংখ্যা বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। তারা ন্যায্য সুযোগ, মর্যাদা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকারও চান। এখন মূল চ্যালেঞ্জ হলো, তরুণদের সামনে থাকা সুযোগগুলোকে বাস্তব কর্মসংস্থান ও আয়ের উৎসে পরিণত করা।

এমএইচ/এএইচ