Dhaka Mail Logo

জাতীয়

বৈশাখী টিভির কার্যালয়ে ‘হামলা-ভাঙচুর’, পুলিশ হেফাজতে ডিএমডি

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন সাংবাদিক ও কর্মীরা। পরে সেখান থেকে প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, টিপু আলম মিলন টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাঁকে ঘিরে রাখে। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে মামলা আছে কি না অথবা পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা পরে জানানো হবে।

এর আগে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় সেখানে আটকে পড়েন সাংবাদিক ও কর্মীরা। এ পরিস্থিতিতে উদ্ধারের আকুতি জানিয়ে কার্যালয়ের ছাদ থেকে ফেসবুক লাইভ করেন প্রতিষ্ঠানটির এক সাংবাদিক।

বিকেল সাড়ে ৩টার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভটি সম্প্রচার করা হয়। এতে ওই সাংবাদিক দাবি করেন, একদল লোক টেলিভিশনটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে তাঁরা নিচে নামতে পারছেন না।

ছবি: ভিডিও থেকে

লাইভে ওই সাংবাদিক বলেন, ‘আমরা বাধ্য হয়ে ছাদ থেকে লাইভ করার চেষ্টা করছি। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি। কোনোভাবে নিচে নামতে পারছি না। আমাদের একজন সহকর্মীকে আঘাত করা হয়েছে।’

তিনি আরও বলেন, হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন। লিফটও বন্ধ রয়েছে। এ অবস্থায় ভবনের ভেতরে সাংবাদিক ও কর্মীরা আটকে পড়েছেন। তাঁদের দুটি মোবাইল ফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছেন বলেও লাইভে জানান ওই সাংবাদিক।

পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। লাইভে পুলিশ সদস্যদের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

এআর