Dhaka Mail Logo

জাতীয়

ইউপি ভোট: আচরণবিধি লঙ্ঘন করলেই প্রার্থিতা হারানোর ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা হারানোর ঝুঁকিতে পড়বেন প্রার্থীরা। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা বাড়িয়ে বিধিমালা সংশোধন করা হয়েছে। এখন লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে কমিশন।

শনিবার (২১ নভেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, গত ৩ সেপ্টেম্বর আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছিলাম। ওখানে প্রার্থিতা বাতিলের বিষয়টি পুরোপুরি ব্যাখা করা হয়েছিল না এজন্য গত ১১ নভেম্বর আচরণ বিধিমালায় প্রার্থিতা বাতিলের বিষয়টি স্পষ্ট করে আচরণ বিধিমালা হালনাগাদ করে প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে বিধামালার বিধি ৩২ এর উপবিধি ১ ও ২ সংশোধন করা হয়েছে।

বিধিতে আগে বলা যা ছিল

কমিশন কর্তৃক প্রার্থিতা বাতিল: (১) এই বিধিমালার অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন, কোনো উৎস থেকে পাওয়া রেকর্ড বা লিখিত রিপোর্টের ভিত্তিতে কমিশনের কাছে প্রতীয়মান হয় যে, চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন এবং এ কারণে তিনি নির্বাচিত হওয়ার অযোগ্য হতে পারেন, তাহলে কমিশন বিষয়টি তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে।

(২) উপ-বিধি (১) অনুযায়ী তদন্ত রিপোর্ট পাওয়ার পর কমিশন যদি সন্তুষ্ট হয় যে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট, অথবা তাঁর নির্দেশে কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে তার পক্ষে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন এবং এ কারণে ওই প্রার্থী চেয়ারম্যান বা সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হতে পারেন, তাহলে কমিশন তাৎক্ষণিকভাবে লিখিত আদেশের মাধ্যমে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।

সংশোধিত বিধান অনুযায়ী

(১) এই বিধিমালার অন্যান্য বিধানে যা-ই থাকুক না কেন, কোনো উৎস থেকে পাওয়া রেকর্ড বা লিখিত রিপোর্টের ভিত্তিতে কমিশনের কাছে প্রতীয়মান হলে, চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্তের নির্দেশ দিতে পারবে।

(২) উপ-বিধি (১) অনুযায়ী তদন্ত রিপোর্ট পাওয়ার পর কমিশন যদি নিশ্চিত হয় যে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট, অথবা তাঁর নির্দেশে বা তার পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন তাৎক্ষণিকভাবে লিখিত আদেশের মাধ্যমে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।

ইসি কর্মকর্তারা বলছেন, আগের বিধান অনুযায়ী, কোনো লিখিত অভিযোগ আসলে কমিশনের কাছে যদি মনে হতো প্রার্থিতা বাতিলের মতো অভিযোগ তাহলে তদন্তের নির্দেশ দিতে পারতো। কিন্তু এখন অভিযোগটি প্রার্থিতা বাতিল হওয়ার মতো কি না, তা আর বিবেচনা করতে হবে না। এক্ষেত্রে বিধিমালা কেউ লঙ্ঘন করলেই কমিশন ব্যবস্থা নিতে পারবে।

নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১০৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন, দ্বিতীয় ধাপে ১০৬৯টি, তৃতীয় ধাপে ১০২৪ টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী 

প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

এমএইচএইচ/এএইচ