Dhaka Mail Logo

জাতীয়

খিলগাঁওয়ে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম

রাজধানীর খিলগাঁওয়ে বাসা থেকে ডেকে নিয়ে একটি ওয়ার্কশপের ভেতরে মো. মোস্তফা (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীসহ কয়েকজন তাকে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।

শনিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন জুলেখা বেগম অভিযোগ করে বলেন, তার ভাই দিনমজুরের কাজ করতেন। পাশাপাশি বাড়ির পাশের একটি খালে মাছ চাষ করতেন তিনি। এ মাছ চাষকে কেন্দ্র করে প্রতিবেশী মো. হোসেনের সঙ্গে তাদের বিরোধ চলছিল।

জুলেখা বেগমের অভিযোগ, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার ভাইকে বাসা থেকে ডেকে নিয়ে যান কয়েকজন। পরে খিলগাঁওয়ের নাগদারপাড় পেট্রোল পাম্পের বিপরীত পাশে একটি ওয়ার্কশপের ভেতরে নিয়ে মো. হোসেন, ইউনুস, খানসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন মিলে তাঁকে পিটিয়ে গুরুতর আহত করেন।

খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থল থেকে মোস্তফাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন আরও জানান, তাদের বাসা খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকার ১৩ নম্বর গলিতে। মোস্তফা ওই এলাকার মৃত নেয়ামত আলীর ছেলে। তাঁরা আট ভাই-বোন। মোস্তফা ছিলেন সাত নম্বর।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মোস্তফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

এমএমআর/জেবি