Dhaka Mail Logo

জাতীয়

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, মায়ের পর মারা গেল দেড় বছরের শিশুও

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ মা সাবার (৩০) মৃত্যুর পর এবার মারা গেছে তার দেড় বছর বয়সী শিশুসন্তান আরএস রহমান। এ ঘটনায় একই পরিবারের মা-ছেলেসহ দুজনের মৃত্যু হলো। শিশুটির শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। অগ্নিকাণ্ডে দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান তার মা সাবা। অগ্নিকাণ্ডে তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইমার্জেন্সি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাঁঠালবাগানের অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে সাবার শরীরের শতভাগ এবং তার শিশুসন্তানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মা ও পরে শিশুটির মৃত্যু হয়েছে।

চিকিৎসাধীন অন্য তিনজন হলেন আবদুর রহমান (২৯), সানজিদা (২০) ও সামসুন নাহার (৫০)। তাদের মধ্যে আবদুর রহমানের শরীরের ৬ শতাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। সানজিদার শরীরের ৩৭ শতাংশ এবং সামসুন নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের দুজনেরও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিকিৎসক জানান, দগ্ধ তিনজনের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের সদস্যসহ পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এমএমআর/জেবি