Dhaka Mail Logo

জাতীয়

গোপালগঞ্জে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন শেষে যা বললেন আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

জনগণের চাহিদা অনুযায়ী পুলিশ প্রশাসন কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইনস পরিদর্শন করে গোপালগঞ্জ সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সন্ত্রাসবিরোধী অভিযান চলবে কি না—এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আসল কথা হলো, জনগণ যেটা চাইবে, সেটাই সরকার সিদ্ধান্ত নেবে।’

টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় থানা দুটি পুনরায় চালু করা হবে কি না, জানতে চাইলে পাল্টা প্রশ্ন করেন আইজিপি। তিনি বলেন, ‘থানাগুলো কাদের জন্য? আমাদের জন্য? আপনাদের, এই জনগণের জন্য। তা আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে এরা কাজ কীভাবে করবে?’

সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে পুলিশ প্রধান বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজও পর্যন্ত অনেক ভালো দেখছি, আগামীতেও ভালো থাকবে। আপনারা সবাই মিলে যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নেন। এর সংখ্যা খুব বেশি না।’

পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি যদি ল-অ্যাবাইডিং সিটিজেন না থাকেন, আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন, পুলিশের সংখ্যা কত? ধরেন, এখানে ১০ লাখ লোক আছে, পুলিশ আছে ২০ জন একটা থানায়। তাহলে ওই ২০ জনের যদি আপনাদের মানসিক সাপোর্ট বা সার্বিক সমর্থন না থাকে, তাহলে তো এরা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান যে না, পুলিশ এখানে দরকার নাই, আপনারা আপনাদের আইনশৃঙ্খলা মেইনটেইন করেন।’

পুলিশ প্রধান আরও বলেন, ‘আপনারা এই দেশেরই মানুষ, আপনারা শান্তিপ্রিয়। আমি মনে করি, শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সবাই সহযোগিতা করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখবে। এটিই আমার অনুরোধ।’

গত ১৮ ও ১৯ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন অর্ধশতাধিক গাড়িতে আগুন দেন।

এ ছাড়া জেলার তিনটি আসনের সংসদ সদস্যদের বাড়ি, বিএনপি নেতাদের বাড়ি ও একটি হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর লুটপাট চালানো হয়।

এআর