Dhaka Mail Logo

জাতীয়

আনসারদের খাবার লুট করে ‘মানবিক সহায়তা’ বলে প্রচার ছাত্রলীগের

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য নেওয়া খাবার ছিনিয়ে নিয়ে তা নিজেদের সরবরাহ করা বলে প্রচারের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। খাবার নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। তবে ভিডিওটির পেছনের প্রকৃত ঘটনা তুলে ধরে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে দেওয়া এক ব্যাখ্যায় বাহিনীটি জানায়, খাবার সরবরাহের সঙ্গে জড়িত স্টাফকে জিম্মি করে ও ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেওয়া হয়। পরে সেই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে প্রচার করা হয়।

বাহিনীর সদর দপ্তর জানায়, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কিছু গণমাধ্যমে প্রকাশিত তথ্য প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের প্রচার ঘটনার বাস্তব প্রেক্ষাপট আড়াল করে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস।

সদর দপ্তরের ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাঁদের খাবার সরবরাহের জন্য গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফ খাবার নিয়ে যাচ্ছিলেন। পথে তাঁরা বিভিন্ন বাধা ও প্রতিকূলতার মুখে পড়েন। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত তাঁদের জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেয়।

পরে ওই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের উদ্যোগ হিসেবে প্রচার করা হয়। আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা করা হয় বলে দাবি করেছে বাহিনীটি।

বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।

এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাহিনীটি। একই সঙ্গে ঘটনার প্রকৃত তথ্য বিবেচনায় নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অনুরোধ করা হয়েছে।

এমআইকে/এআর