Dhaka Mail Logo

জাতীয়

জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ কনটেন্ট ক্রিয়েটর

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

জাগো ফাউন্ডেশন ট্রাস্টের নেতৃত্বে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অংশীদারত্বে ‘জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পাঁচজন কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার। জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা ও সমতার বার্তা ছড়িয়ে দেওয়া কনটেন্টের জন্য তাদের এই স্বীকৃতি দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ে আলোকিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

‘সমতায় তারুণ্য: ইউথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ পুরস্কার দেওয়া হয়। ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

ন্যাশনাল লেভেল ইনফ্লুয়েন্সার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মাইশা মাহজাবীন প্রিয়তী। ইন্সপায়ারিং কনটেন্ট ক্রিয়েটর ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মো. মেহেদী হাসান নূর। ইমার্জিং কনটেন্ট ক্রিয়েটর ক্যাটাগরির পুরুষ ও নারী বিভাগে পুরস্কার পেয়েছেন যথাক্রমে হাসিবুল ইসলাম বাপ্পী ও আপুসি চৌধুরী। এ ছাড়া জুরিস মেনশন পেয়েছেন তারগিভ সানান রোহাম। 

আয়োজকেরা জানান, শুধু ফলোয়ারের সংখ্যা নয়, কনটেন্টের মান এবং জেন্ডার সমতার সঙ্গে এর প্রাসঙ্গিকতা দেখে বিজয়ী নির্বাচন করা হয়েছে। প্রকল্পের বাইরের বিচারকদের নিয়ে গঠিত জুরি বোর্ড গল্প বলার ধরন, নৈতিক যোগাযোগ ও অন্তর্ভুক্তি মূল্যায়ন করে। ক্ষতিকর সামাজিক রীতিকে কনটেন্টটি কতটা প্রশ্ন করেছে, সেটিও মূল্যায়নে বিবেচনা করা হয়।

ইমার্জিং কনটেন্ট ক্রিয়েটর ক্যাটাগরিতে শুধু প্রকল্পের আওতায় প্রশিক্ষণ পাওয়া ক্রিয়েটরেরা অংশ নিতে পেরেছেন। প্রকল্পের আওতায় আট বিভাগের ২৪৬ জন তরুণ কনটেন্ট ক্রিয়েটর জেন্ডার সমতা, নৈতিক গল্প বলা ও দায়িত্বশীল অনলাইন আচরণ বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল।

প্রধান অতিথির বক্তব্যে রওনক জাহান বলেন, ‘ডিজিটাল জগৎ এখন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে। কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা প্রায়ই দেখতে পাই জেন্ডার স্টেরিওটাইপ, আক্রমণাত্মক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য, যা নারীর অগ্রযাত্রার পথকে রুদ্ধ করে এবং গোটা সমাজকেই পিছিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘এই আয়োজন কেবল একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়; এটি একটি আন্দোলনের সূচনা: বৈষম্যহীন, সমতামূলক এবং জেন্ডার সংবেদনশীল সমাজ গড়ার আন্দোলন।’ সমতাভিত্তিক সমাজ গঠনে নিমকো জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত ইয়োরিস ফান বোমেল বলেন, ‘জেন্ডার সংবেদনশীল কনটেন্ট তৈরি মানে শুধু ক্ষতি এড়ানো নয়। এর মানে প্রশ্ন করা, এই আলোচনায় কাদের কণ্ঠ অনুপস্থিত।’

তিনি বলেন, ‘সত্যিকারের পরিবর্তন আনতে সবচেয়ে বড় প্ল্যাটফর্মের দরকার নেই। দরকার একটি সৎ গল্প, দায়িত্ববোধ এবং নিজের কণ্ঠকে ভালো কাজে ব্যবহারের ইচ্ছা।’

সমাপনী বক্তব্য দেন জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাকসান্দ। তিনি জানান, গত তিন বছরে প্রকল্পটি আট বিভাগের ৬৪ জেলায় তরুণ, যুব নেতৃত্বাধীন সংগঠন ও সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশে জেন্ডার সমতা নিয়ে কথা বলা কঠিন, কিন্তু তরুণেরা আমাদের সঙ্গে ছিলেন। হয়তো এই প্রকল্প শেষ হবে, কিন্তু যারা প্রশিক্ষণ পেয়েছেন, যাঁরা ভিন্নভাবে কথা বলতে শিখেছেন, তারা থেকে যাবেন।’

বিইউ/এএস