Dhaka Mail Logo

জাতীয়

যাত্রাবাড়ীতে নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল মিশুকচালকের মরদেহ

১৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে নিখোঁজের দুদিন পর মো. মুন্না খান (৩২) নামে এক মিশুকচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে যাত্রাবাড়ী থানাধীন মৃধা বাড়ি এলাকার একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া যায়।

পরে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত মুন্নার ভাগিনা মাসুম সরকার জানান, প্রায় দুই মাস আগে তার মামা কিস্তিতে একটি ব্যাটারিচালিত মিশুক কিনেছিলেন। সেটি নিজেই চালিয়ে সংসারের খরচ চালাতেন তিনি। গত ১৭ নভেম্বর রাত ৯টা থেকে তার মামাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার দুপুরে যাত্রাবাড়ী থানায় গিয়ে নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি বাসায় খাবার খেতে গেলে তার মামি ফোন করে মৃধা বাড়ির পুকুরে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি মরদেহটি তার মামা মুন্না খানের বলে শনাক্ত করেন। এ সময় সেখানে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

মাসুম সরকার বলেন, তার মামার কেনা মিশুকটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ছাড়া মুন্নার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিহত মুন্নার গ্রামের বাড়ি ময়মনসিংহে। তবে ছোটবেলা থেকেই তিনি পরিবার নিয়ে যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মৃত মান্নান খান। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে খবর পেয়ে মৃধা বাড়ি এলাকার পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গলা কাটা ছিল। এ ছাড়া মাথায় ধারালো কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও জানান, পরে নিখোঁজ মুন্নার পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তার ভাগিনা মাসুম সরকার মরদেহটি শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএমআর/এআরএম