নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এ কর্মসূচির আওতায় দেশের ২১ হাজার গ্রাহক বাড়ি ও প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন। এজন্য গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সম্প্রতি পিকেএসএফকে ৫০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। এ অর্থ থেকে সংস্থাটির নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচির আওতায় ব্যক্তি, পরিবার ও উদ্যোক্তাদের সৌরবিদ্যুৎ স্থাপনে ঋণ দেওয়া হবে। পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে এ ঋণসুবিধা পৌঁছে দেওয়া হবে।
ইতোমধ্যে প্রাথমিক কার্যক্রম শেষ করে ৯৬টি সহযোগী সংস্থার অনুকূলে ঋণ অনুমোদন করেছে পিকেএসএফ। এসব সংস্থার মাধ্যমে ঋণের অর্থ ছাড়ও শুরু হয়েছে। এর ফলে বাড়ি ও প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ তৈরি হচ্ছে।
পিকেএসএফের হিসাব অনুযায়ী, এ কর্মসূচির আওতায় প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি আগামী ১৫ বছরে অন্তত ৬ লাখ টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।
এ উদ্যোগের মাধ্যমে শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, সৌরবিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও সেবার ক্ষেত্রেও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে সংস্থাটি। এতে ব্যক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি হবে।
কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের জন্য স্বয়ংক্রিয় ড্যাশবোর্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ে ঋণ বিতরণ ও কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।
এএইচ/এএম