Dhaka Mail Logo

জাতীয়

আন্তর্জাতিক পুরুষ দিবসে লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়নের দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়ন, আইনি বৈষম্য দূরীকরণ এবং নারী-পুরুষ সবার জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সামাজিক ও মানবাধিকার সংগঠন এইড ফর মেন ফাউন্ডেশন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত র‍্যালি, পথসভা ও সেমিনার থেকে এসব দাবি জানানো হয়।

এবারের আন্তর্জাতিক পুরুষ দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’ বা ‘ভবিষ্যৎ সবার’। এই প্রতিপাদ্যের সঙ্গে সংহতি জানিয়ে সংগঠনটি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচির উদ্বোধন এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও এইড ফর মেন ফাউন্ডেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাউসার হোসাইন।

উদ্বোধন শেষে প্রেসক্লাব ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়। পরে পথসভা ও সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির ঢাকা জেলা কমিটির সভাপতি হাদিউজ্জামান পলক।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ক্যাম্পাস সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার সম্পাদক ড. এম হেলাল বলেন, আন্তর্জাতিক পুরুষ দিবসের তাৎপর্য কেবল সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, লোকলজ্জা ও প্রচলিত আইনের বৈষম্যের কারণে অনেক পুরুষ পারিবারিক নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। অভিযোগের ভিত্তিতে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই গ্রেফতারের বিধান মৌলিক অধিকারের পরিপন্থি। এ ধরনের পরিস্থিতির সুযোগ নিয়ে কাবিন ব্যবসার মতো অপতৎপরতাও বাড়ছে।

এ ছাড়া সংগঠনটির নির্বাহী সদস্য আশিকুজ্জামান, নুরুজ্জামান এবং সদস্য রাকিবসহ শতাধিক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে পুরুষের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন। একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রচলিত আইনের প্রয়োজনীয় সংস্কার, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রতিরোধ এবং নারী-পুরুষ সবার সমান অধিকার নিশ্চিত করা জরুরি।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট কাউসার হোসাইন বলেন, পুরুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং লিঙ্গ-নিরপেক্ষ আইন প্রণয়নের দাবিতে এইড ফর মেন ফাউন্ডেশনের আইনি ও সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।

এমআইকে/এফএ