Dhaka Mail Logo

জাতীয়

গোপালগঞ্জ যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ট্রেনটি আর গোপালগঞ্জ পর্যন্ত যাবে না। আপাতত রাজশাহী থেকে ছেড়ে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে ট্রেনটি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহম্মদ হোসেন মাসুম জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেনটি আপাতত গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করবে না। রাজশাহী থেকে ছেড়ে কালুখালী স্টেশন পর্যন্ত যাবে।

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৪) প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন হয়ে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। ফিরতি পথে ট্রেনটি (৭৮৩) সকালে গোবরা থেকে ছেড়ে দুপুরে রাজশাহী পৌঁছায়।

জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় গত কয়েক দিন ধরে রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে গোপালগঞ্জ। জেলার টুঙ্গিপাড়ায় থানা ও সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

পাশাপাশি কাশিয়ানী ও গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের কার্যালয়, ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত স্থাপনায় হামলা-ভাঙচুরের খবর পাওয়া গেছে। এরই মধ্যে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রাজশাহী-গোপালগঞ্জ রুটে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচল সীমিত করা হয়েছে।

এমএইচএইচ/এমআর