Dhaka Mail Logo

জাতীয়

অন্যের সম্পদ দখলে পরিচয় বদলের চেষ্টা, উদ্বিগ্ন ইসি

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬ এএম

ফৌজদারি মামলা থেকে বাঁচতে কিংবা অন্যের জমিজমা ও সম্পদ দখলের উদ্দেশ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও পরিচয় পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া বয়স পরিবর্তন, প্রতিপক্ষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াসহ এনআইডি সংশোধনে নানা ধরনের প্রতারণার চেষ্টা চিহ্নিত করেছে সংস্থাটি।

বুধবার (১৮ নভেম্বর) ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায এসব বিষয় উঠে এসেছে। 

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এছাড়া অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন  ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা, এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো.সাইফুল ইসলামসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।

৬৫ লাখ আবেদন নিষ্পত্তি করেছে ইসি

কর্মশালায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনে এখন পর্যন্ত প্রায় ৬৫ লাখ আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর দুই বছরের কম সময়ে নিষ্পত্তি হয়েছে ১৭ লাখের বেশি আবেদন। এসব আবেদনের মধ্যে ১৪ লাখ গ্রহণ করা হয়েছে, আর প্রায় তিন লাখ আবেদন বাতিল হয়েছে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, জাতীয় পরিচয়পত্র কোনো সাধারণ ডকুমেন্ট নয়। এর সঙ্গে জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, ন্যায়বিচার, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি এবং শ্রমবাজারের মতো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। তাই দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় নির্ভুল জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করা জরুরি।

এনআইডির তথ্যভান্ডারের ৯৮ শতাংশ শুদ্ধ

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ইউএনডিপি পরিচালিত এক সমীক্ষায় জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারের ৯৮ শতাংশ তথ্য শুদ্ধ বলে নিশ্চিত হওয়া গেছে। তবে শুরুতে তথ্য প্রদান ও সংযোজনের ক্ষেত্রে কিছু ত্রুটি ছিল, যা বৈধ আবেদনের ভিত্তিতে সংশোধন করা হয়েছে।

এনআইডি সেবা দিতে গিয়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, নাগরিকদের তথ্য প্রদানে অসাবধানতা, তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণে সংশ্লিষ্টদের উদাসীনতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর আবেদন করার ক্ষেত্রে বিভিন্ন দোকান ও আউটলেটের ওপর নির্ভরশীলতা সেবাকে বাধাগ্রস্ত করছে। এসব কারণে প্রতারণা ও ভোগান্তির ঘটনাও ঘটছে।

সানাউল্লাহ আরও বলেন, একবার নিবন্ধনের পর ইচ্ছামতো বয়স কমানো বা বাড়ানো, পরিচয় আংশিক কিংবা সম্পূর্ণ পরিবর্তন এবং প্রতিপক্ষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মতো অসৎ প্রচেষ্টা দেখা যাচ্ছে। চাকরিতে প্রবেশ কিংবা চাকরির মেয়াদ বাড়ানোর উদ্দেশ্যে অনেকে বয়স পরিবর্তনের আবেদন করছেন। এসব আবেদনের পক্ষে দাপ্তরিক ও চিকিৎসাসংক্রান্ত সনদও জমা দেওয়া হচ্ছে।

ফৌজদারি মামলা থেকে বাঁচতে কিংবা অন্যের জমিজমা ও সম্পদ দখলের উদ্দেশ্যেও পরিচয় পরিবর্তনের চেষ্টা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কথিত কাগজপত্রের ভিত্তিতে অসৎ উদ্দেশ্যে করা আবেদন গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের প্রবণতা আরও বাড়বে বলে মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার। 

রোহিঙ্গাদের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা নিয়েও উদ্বেগ

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রোহিঙ্গাসহ বিদেশি নাগরিকদের বাংলাদেশি নাগরিকত্ব পাওয়ার চেষ্টা এবং এতে দেশীয় দুষ্টু চক্রের সম্পৃক্ততা এনআইডি সেবার অন্যতম চ্যালেঞ্জ। এছাড়া শিক্ষাসনদ, পাসপোর্ট ও জন্মনিবন্ধনে তথ্যের অমিল, প্রবাসীদের ভিন্ন পরিচয়ে বসবাস এবং পরবর্তী সময়ে প্রকৃত পরিচয় অনুযায়ী সংশোধনের আবেদনও জটিলতা তৈরি করছে।

প্রবাসীদের ক্ষেত্রে মানবিক বিবেচনায় সমন্বিত কৌশল ও নীতিমালা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি সামাজিকভাবে প্রচলিত নাম, ডাকনাম, বাবা-মায়ের নাম এবং পদবি ব্যবহারের ভিন্নতা ও বানানগত অসংগতির কারণে নাগরিকদের বিভিন্ন সেবা পেতে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান।

তিনি বলেন, এসব সমস্যার পাশাপাশি দালাল ও প্রতারক চক্রের তৎপরতা এবং নাগরিকদের মধ্যে সচেতনতার অভাবও এনআইডি সেবার মান উন্নয়নে বড় বাধা।

নির্বাচন কমিশনার বলেন, নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা এবং নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে নির্বাচন কমিশন আইনের সঙ্গে সংগতিপূর্ণ একটি স্থায়ী নির্দেশিকা বা এসওপি অনুসরণ করছে। অভিজ্ঞতা ও সমসাময়িক বাস্তবতার আলোকে সময় সময় এই নির্দেশিকা পরিমার্জন করা হয়। সেবার মান বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও সুপারিশ নিতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালা থেকে পাওয়া মতামত জাতীয় পরিচয়পত্র সেবার মান উন্নয়ন এবং নাগরিকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার।

এনআইডি যাচাইয়ে এআই ব্যবহারের উদ্যোগ

সভাপতির বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ বলেন, কয়েকটা জিনিস আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিছু যাচাই-বাছাই। নিবন্ধনকালে ফ্যামিলি ট্রি এবং নবায়নকালে, যেটা আমাদের একটা প্রক্রিয়া হবে। আমরা শুরু করব নবায়নকালে।

ঘরে বসেই এনআইডি সংশোধনের আবেদন

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা বলেন, ২০৭টি প্রতিষ্ঠানকে আমাদের তথ্য দিয়ে থাকি। এদের মধ্যে ১৬টা প্রতিষ্ঠানকে এনআইডি দৃশ্যমান তথ্যগুলো দেওয়া হয়ে থাকে। এনআইডি দুর্নীতির সঙ্গে আমাদের কর্মকর্তা যারা জড়িত তাদের আমরা চিহ্নিত করে শাস্তির আওতায় আনছি। এখন যারা আমাদের সেবা নিয়ে থাকেন, তাদেরও আমরা এ বিষয়ে সহায়তার জন্য বলবো। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানকে যেমন আমরা তথ্য চাইলে- হ্যাঁ অথবা না জানিয়ে দিই, তেমনি ওই ১৬ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এমন সিদ্ধান্তে যেতে হবে। পুলিশসহ অন্যান্য প্রতিষ্ঠানকে ও্ই মডেলটিতে আসতে হবে। 

তিনি বলেন, এনআইডি সংশোধনের আবেদন যেন নাগরিকরা ঘরে বসেই করতে পারেন আমরা সেদিকে যাচ্ছি। এতে দোকান-নির্ভরশীলতা কমে যাবে। এছাড়া ইউএনএইসসআর রোহিঙ্গাদের ডে ডাটাবেজ করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সেই তথ্যগুলো নিতে চাচ্ছি। প্রক্রিয়া চলছে। এতে সহজেই রোহিঙ্গাদের চিহ্নিত করা যাবে।

এমএইচএইচ/এএইচ