১৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে একত্রিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বৈঠকের বিষয়ে জামায়াতে ইসলামীর একজন সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মেইলকে বলেছেন, ‘মাগরিবের নামাজের আগে দলের আমিরকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা বৈঠকে বসেন। সেখানে দুই নেতা ছাড়া আর কেউ ছিলেন না।’
এই সংসদ সদস্য আরও জানান, ‘বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ অমীমাংসিত বিভিন্ন বিষয়ের প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় নেতা। এসময় উভয় নেতা মতবিরোধ ভুলে ঐক্যের ভিত্তিতে বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় একমত হয়েছেন।’
প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় তার জেলা গোপালগঞ্জ এবং রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বিএনপির দুজন সংসদ সদস্যের বাড়িসহ একটি থানাও জ্বালিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশ সদস্যরা ক্ষতিগ্রস্ত ওই থানা ছেড়ে চলে যাচ্ছেন।
পাশাপাশি সম্প্রতি পুড়িয়ে দেওয়া হয়েছে সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি। এছাড়া রাজধানী ঢাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি বাস আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
তারই মধ্যে কিছু সময় আগে নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সবমিলিয়ে গোটা দেশেই কার্যত সহিংস কার্যক্রম চালাচ্ছে পতিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে সংসদে বেশ আলোচনা হচ্ছে, উঠছে ঐক্যের ডাক। বৃহস্পতিবার থেকে দেশব্যাপী কর্মসূচি দেওয়ার কথাও জানিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী।
শুধু তাই নয়, পতিত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরে গণতান্ত্রিক শক্তিকে এক মঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও।
বুধবার (১৮ নভেম্বর) সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে সন্ত্রাসী ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘এই বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করতে এই সন্ত্রাসী গোষ্ঠী দেশ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত হয়েছে। সুতরাং কথা একটাই- দেশে পতিত, পরাজিত, বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে এসে দাঁড়ানো।
তিনি আরও বলেন, ‘এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে অন্য যেসব গণতান্ত্রিক দল আছে, সবার প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।’
প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, ‘যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, যারা গোলাম, সেই অপশক্তিকে, সেই তাবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত এই দেশের গণতান্ত্রিক জনগণ ভেঙে দেবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেই প্রত্যাশা রাখতে চাই।’
তিনি আহ্বান জানান, ‘আসুন, চব্বিশে আমরা যেভাবে পতিত, পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম, তাদের আবার চব্বিশের চেতনায় মাথা গুঁড়িয়ে দিতে চাই।’
কর্মসূচি ঘোষণা করবে জামায়াতে ইসলামী
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করবে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া আগামী ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে তারা।
বুধবার (১৮ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এই তথ্য জানিয়েছেন।
বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের নিজেদের মতো কর্মসূচি পালনের তাগিদও দেন তিনি।
গোলাম পরওয়ার আরও বলেন, ‘প্রশাসন থেকে শুরু করে সরকারি সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে। তাদের চিহ্নিত করে শক্তভাবে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।’
প্রসঙ্গত, চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দিল্লিতে দেশটির রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
এএইচ