নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম
গত দেড় দশকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। ওই সময়ের অর্থনৈতিক অনিয়ম ও দুরবস্থার প্রভাব বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
একই সঙ্গে ব্যাংক, বিমা ও আর্থিক খাতের অনিয়ম-দুর্নীতির চিত্র অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির সঙ্গে ডিআরইউর গ্রুপ বিমা চুক্তি নবায়ন ও বিমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিতুমীর বলেন, গত দেড় দশকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক ও বিমা খাতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও ওই সময়ের অনিয়ম ও দুরবস্থার প্রভাব রয়ে গেছে। বিমা খাতের অনিয়ম, অব্যবস্থাপনা ও জবাবদিহির অভাব অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরতে হবে।
তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতের অনিয়ম ও লুটপাট নিয়ে আলোচনা হলেও বিমা খাতের সংকট তুলনামূলকভাবে আড়ালে থেকে যাচ্ছে। অথচ এ খাতেও গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং বিমা দাবি পরিশোধের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা রয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, শুধু ‘বীমা খাতে ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি’ এমন শিরোনাম করলেই দায়িত্ব শেষ হয় না। কেন এত বিপুলসংখ্যক দাবি অনিষ্পন্ন রয়েছে, এর জন্য কারা দায়ী এবং কীভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা অনুসন্ধানের মাধ্যমে তুলে ধরতে হবে। রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তথ্য-প্রমাণের ভিত্তিতে সামনে আনতে হবে।
তিনি আরও বলেন, বিমা খাতের সংকট শুধু কোনো একটি সরকারের বিষয় নয়, এটি রাষ্ট্র ও জনগণের স্বার্থের সঙ্গে জড়িত। জনগণের অর্থ কোথায় যাচ্ছে, কীভাবে ব্যয় হচ্ছে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে স্বচ্ছতা থাকা জরুরি। জনগণের করের টাকা দিয়ে দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার বিষয়েও প্রশ্ন তোলা প্রয়োজন।
দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিতুমীর বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের বৈদেশিক ঋণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ের তুলনায় ওই সময়ে ঋণের পরিমাণ অনেক বেড়েছে। এসব ঋণের সুদ ও আসল পরিশোধের দায় শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হবে।
তিনি বলেন, ব্যাংক, বিমা ও অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। আর্থিক খাতের সংকট মোকাবিলায় জনগণের অর্থ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে। কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থে এসব তথ্য জনগণের সামনে প্রকাশ করা জরুরি।
ডিআরইউর উদ্যোগের প্রশংসা করে প্রধান অতিথি বলেন, সাংবাদিকদের বিভিন্ন পেশাগত সংগঠনের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার যে প্রত্যাশা রয়েছে, ডিআরইউ তা ধরে রেখেছে। বিভাজনের ঊর্ধ্বে থেকে সদস্যদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রশংসনীয়। একইভাবে আর্থিক খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক ও পেশাগত পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে ডিআরইউর সঙ্গে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের এক বছরের জন্য গ্রুপ বিমা চুক্তি নবায়ন করা হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
এ সময় পূর্ববর্তী চুক্তির আওতায় ডিআরইউ সদস্য আবু হেনা রাসেলের পরিবারের হাতে মৃত্যুদাবি বাবদ তিন লাখ টাকা এবং সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বিমা দাবির বিপরীতে ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল।
এসময় ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দফতর সম্পাদক রাশিম মোল্লা, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন ও কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি উপস্থিত ছিলেন।
এমআর/এএইচ