নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র ধীরে ধীরে শক্তিশালী রূপ ধারণ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রের বৈশিষ্ট্যই হলো আলোচনা, সমালোচনা, মতপার্থক্য ও ভিন্নমত। তবে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পুনর্গঠনে এগিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন মোটামুটি ভালোভাবে শেষ করতে যাচ্ছে সরকার। সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে ভূমিকা রাখায় স্বতন্ত্র সদস্য, বিরোধী দলের সদস্য এবং নিজ দলের সংসদ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
তারেক রহমান বলেন, এই সংসদ দাঁড়িয়ে আছে হাজারো মানুষের রক্ত ও আত্মত্যাগের ওপর। গণতান্ত্রিক এই সংসদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বারবার ষড়যন্ত্র হয়েছে। দেশের ভেতরে বেড়ে ওঠা একটি তাবেদার অপশক্তিকে ব্যবহার করেও দেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা অব্যাহত ছিল।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থবিরোধী অপশক্তিকে পরাজিত করেছিল। পরবর্তী সময়ে ২০০৯ সালে মহাজোটের নামে সেই অপশক্তি আবারও একজোট হয়ে ফ্যাসিবাদী শাসন কায়েম করে।
তিনি বলেন, ওই শাসনামলে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনা হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে নিরীহ মানুষের ওপর গুলি, গুম, খুন ও অপহরণের মতো ঘটনা ঘটেছে। বিরোধী দল ও ভিন্নমতের মানুষের জন্য ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল। নির্বাচন কমিশনসহ দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন তার সাক্ষী।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে ২০২৪ সালে হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল। তবে আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ হাজারো সাহসী ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে সেই অপশক্তি ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়।
এ সময় আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশ থেকে প্রতিবছর দুই লাখ কোটি ডলার পাচার করা হয়েছে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে দেশে ও বিদেশে সরকার সব ধরনের সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণ তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে। মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে।
এমএইচএইচ/