নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
রাজধানী ঢাকায় যানবাহনের গড় গতিবেগ ঘণ্টায় ৪ কিলোমিটার থেকে বেড়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর দাবি, সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগে রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নতি হওয়ায় যানজট পরিস্থিতিরও ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, আগে রাজধানীতে গতিবেগ ছিল মাত্র ৪ কিলোমিটার। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে রাজধানীর বিভিন্ন সড়কে সামগ্রিকভাবে সম্পূর্ণ রাজধানীতে যাতে মানুষ আরও দ্রুততার সঙ্গে যাতায়াত করতে পারে, সেই জন্য ট্রাফিক ব্যবস্থার উন্নতি করেছে।
প্রধানমন্ত্রী বলেন, পলাতক স্বৈরাচারের সময় যেই যানজট বা বিভিন্ন গাড়ির গতি যেটি ছিল ৪ কিলোমিটার। এটি এখন বৃদ্ধি পেয়ে প্রায় ১১ কিলোমিটারে এ দাঁড়িয়েছে। আগের চেয়ে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
সংরক্ষিত নারী আসনের এমপি আরিফা সুলতানার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সিভিল কার্যক্রমের আওতায় প্রথম পর্যায়ে এসআলম, বেক্সিমকো, সিকদার, ওরিয়নসহ মোট ছয়টি ঋণগ্রহীতা গ্রুপকে নির্বাচন করা হয়েছে। এ দেওয়ানি কার্যক্রমে কনসোর্টিয়ামভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, যাতে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো পৃথকভাবে নয় বরং সম্মিলিতভাবে সম্পদ পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
বিএনপির এমপি সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শিশু কিশোর ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিতকরণে প্রতিটি ইউনিয়নে ১টি করে খেলার মাঠ উন্নয়নের চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের কমপক্ষে ১ হাজার ইউপিতে ৩ থেকে ৮ বিঘা জমিতে উন্মুক্ত খেলার মাঠ প্রতিষ্ঠার জন্য জেলা প্রশাসকদেরকে নির্দেশনা প্রদান করা হঢেছে। ইতোমধ্যে ৩৮টি জেলা হতে ৫৫৩টি ইউপির তথ্য পাওয়া গেছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউপিতে একটি করে উন্মুক্ত খেলার মাঠ তৈরি করা হবে।
জামায়াতের এমপি আব্দুল গফুরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সমাজসেবা অধিদফতর কর্তৃক চলতি অক্টোবর পর্যন্ত শনাক্তকৃত ও নিবন্ধিত প্রতিবন্ধীর সংখ্যা ৪০ লাখ ৫৬ হাজার ৬২১ জন। ১০ মার্চ হতে গত ৩০ অক্টোবর পর্যন্ত ৭৪ হাজার ২২৬ নারীকে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদেরকে বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি এবং ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া এবং থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তার পরিমাণ এবং উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
জামায়াতের আরেক সংসদ সদস্য আবু তালিবের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গত ১৬ জুলাই হতে ৩১ অক্টোবর পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে ৯ লাখ ১৮ হাজার ৪৭৯টি বৃক্ষরোপণ করা হয়েছে।
এমএইচএইচ/এআরএম