একে সালমান
১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শতাধিক ঘরবাড়ি। আগুনে সর্বস্ব হারিয়েছেন বস্তির বাসিন্দারা। পুড়ে গেছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জমির দলিল, জরুরি কাগজপত্র, সঞ্চয়ের টাকা, স্বর্ণালংকারসহ সংসারের শেষ সম্বল। এমনকি বিভিন্ন সমিতি থেকে নেওয়া কিস্তির কাগজপত্রও রক্ষা করতে পারেননি অনেকে। ঘটনার সময় অনেক বাসিন্দা কর্মস্থলে থাকায় আগুনের খবর পেয়ে ছুটে এসেও কিছু উদ্ধার করতে পারেননি। স্থানীয় বাসিন্দাদের ধারণা, রান্নার কাজে ব্যবহৃত প্রেসার কুকার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস এখনো আগুনের কারণ নিশ্চিত করেনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বস্তির সাততলা কবরস্থান রোডে হাশমত কমান্ডারের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে প্রথম আগুন ও ধোঁয়া দেখা যায়। ওই বাড়ির বাসিন্দারা তখন কর্মস্থলে থাকায় শুরুতে আগুন নেভানোর উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। পরে ঘনবসতিপূর্ণ বস্তির টিন, কাঠ, বাঁশ ও প্লাস্টিকের তৈরি ঘরগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। অনেকে আগুনের বিস্তার ঠেকাতে নিজেদের ঘরবাড়ি ভেঙে ফেলেন।
বস্তির বাসিন্দাদের কেউ কেউ বিদ্যুতের অবৈধ সংযোগকে আগুন ছড়িয়ে পড়ার কারণ হিসেবে দেখছেন। আবার অনেকের ধারণা, প্রেসার কুকার থেকেই আগুনের সূত্রপাত। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করছে।
প্রেসার কুকার থেকেই আগুনের সূত্রপাতের সন্দেহ
বস্তির বাসিন্দা ফাতেমা বেগম ঢাকা মেইলকে বলেন, হাশমত কমান্ডারের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়ারা প্রেসার কুকার ব্যবহার করেন। বুধবার সেখান থেকেই প্রথম আগুন লাগে। ওই ঘরে আগুন লাগার পর কিছুক্ষণের মধ্যে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর পুরো বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখে তাঁরা ঘরের মালামাল নিয়ে তাড়াহুড়া করে বের হয়ে যান। তাঁদের বাসা দূরে হওয়ায় সেখানে আগুন পৌঁছায়নি।
আরেক বাসিন্দা জহুরা বেগম ঢাকা মেইলকে বলেন, তাঁদের বস্তিতে আগুন লাগার মূল কারণ প্রেসার কুকার বলে তিনি মনে করেন। সকালে যে বাসা থেকে প্রথম আগুন দেখা যায়, সেখানে রান্নার জন্য প্রেসার কুকার ব্যবহার করা হয়। হঠাৎ কমান্ডারের বাড়ির দোতলায় ধোঁয়া দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় অনেকে ভয়ে ছোটাছুটি শুরু করেন। কেউ কেউ বাড়ি থেকে আসবাবপত্র বের করার চেষ্টা করেন।
তিনি আরও বলেন, বস্তিতে প্রচুর বিদ্যুৎ ব্যবহার করা হয়। কে কোন দিক থেকে সংযোগ নিয়েছেন, তা বলা যায় না। পুরো বস্তিতে বিদ্যুতের তার ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আগুন লাগার পর বৈদ্যুতিক তার এবং বাঁশ ও টিন দিয়ে তৈরি ঘরগুলোর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, একটি প্রকল্পের মাধ্যমে অবৈধ বিদ্যুৎ সংযোগগুলো নিয়মের মধ্যে এনে বস্তিকে নিরাপদ করে গড়ে তোলা হোক।
সব হারিয়ে নিঃস্ব পরিবারগুলো
আগুনের সূত্রপাত হওয়া বাড়িটির মালিকের স্ত্রী ফাহিমা বেগম ঢাকা মেইলকে বলেন, বুধবার সকালে ঘুম থেকে উঠে তিনি কাজে চলে যান। পরে কয়েকজন ফোন করে তাঁদের বাড়িতে আগুন লাগার খবর জানান। দ্রুত অফিস থেকে বাসায় এসে দেখেন, তাঁর ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সংসার জীবনে সম্বল হিসেবে যা কিছু গড়েছিলেন, তার কিছুই অবশিষ্ট নেই।
তিনি বলেন, অনেকে তাঁদের বাড়ির দ্বিতীয় তলা থেকে আগুন লাগার কথা বলছেন। কিন্তু কীভাবে আগুন লেগেছে, তা তাঁরা জানেন না। সকালে সবাই বাসায় তালা দিয়ে অফিসে চলে যান। তখন বাসার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বন্ধ ছিল। আগুন লাগার মতো কিছুই ছিল না বলে দাবি করেন তিনি। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা একমাত্র আল্লাহ জানেন বলেও মন্তব্য করেন ফাহিমা বেগম।
তিনি আরও বলেন, আগুনে সবকিছু হারিয়ে তাঁরা এখন নিঃস্ব। থাকার জায়গা নেই, পরার মতো কাপড়ও অবশিষ্ট নেই। জাতীয় পরিচয়পত্রসহ ঘরে থাকা জরুরি কাগজপত্রের কিছুই রক্ষা করা যায়নি।
বস্তির আরেক বাসিন্দা সাগর মিয়া ঢাকা মেইলকে বলেন, বস্তিতে তাঁর ১২টি ঘর ছিল। আগুনে সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কিছুই উদ্ধার করতে পারেননি। আগুন লাগার সময় তিনি অফিসে ছিলেন। তাঁর বোন ফোন করে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে অফিস থেকে দৌড়ে বাসায় এসে দেখেন, ঘরে আর কিছু অবশিষ্ট নেই। তাঁর ঘরে স্ত্রীর স্বর্ণালংকার ও টাকাপয়সাসহ অনেক কিছু ছিল। সব পুড়ে শেষ হয়ে গেছে।
সাগর মিয়া বলেন, ভাগিনার খতনা অনুষ্ঠানের জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিলেন। সেই টাকাও পুড়ে গেছে। ঘরে জাতীয় পরিচয়পত্র, জমির দলিলসহ অনেক জরুরি কাগজপত্র ছিল। কিছুই বের করতে পারেননি। আগুন তাঁদের নিঃস্ব করে দিয়েছে।
তিনি বলেন, আগুন যদি তাঁদের কিছুটা সময় দিত, তাহলে মালামাল ও আসবাবপত্র বের করে নিতে পারতেন। কিন্তু আগুনের ভয়াবহ পরিস্থিতিতে কিছুই নেওয়ার সুযোগ হয়নি।
রোকসানা আক্তার নামে আরেক বাসিন্দা ঢাকা মেইলকে বলেন, সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়েছিলেন। ফ্রেশ হয়ে কাজে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ হাশমত কমান্ডারের বাড়ির দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুনের ফুলকি দেখা যায়। তখন কোনো দিকে না তাকিয়ে সন্তানকে নিয়ে চিৎকার করতে করতে ঘর থেকে বের হয়ে যান। কিন্তু ততক্ষণে তাঁর ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও বলেন, তাঁর ঘরে ছোট বোন হালিমার কাপড়ের ব্যবসার পাঁচ লাখ টাকা রাখা ছিল। ছেলের একটি অনুষ্ঠানের জন্যও ৭০ হাজার টাকা জমিয়ে রেখেছিলেন। এ ছাড়া ছোট ভাই সাগরের ঘরে কয়েক ভরি স্বর্ণ ছিল। আগুনে এসবের কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। শুধু প্রাণ নিয়ে কোনো রকমে বের হতে পেরেছেন।
দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে আট ইউনিট
সকাল ৯টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। সকাল ১০টা ১০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তেজগাঁও, বারিধারা ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে পর্যায়ক্রমে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের বলেন, সকাল ১০টা ১০ মিনিটে তাঁদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার গুরুত্ব ও ভয়াবহতা বিবেচনায় অন্য ইউনিটগুলো পাঠানো হয়। মোট আটটি ইউনিটের প্রচেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে, এটি আর ছড়াবে না। তবে পুরোপুরি ড্যাম্পিং ও নির্বাপণ করতে সারাদিন লেগে যেতে পারে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আগুন নেভানোর পর তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ নিশ্চিত হওয়া যাবে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, বস্তিতে মূলত নিম্নআয়ের মানুষ বসবাস করেন। আগুনে তাঁদের টিনের ও আধাপাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় শতাধিক পরিবার বসবাস করত। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভানোর পর পুরো এলাকায় অনুসন্ধান চালানো হবে। অনুসন্ধানের পর কেউ আহত বা অন্য কোনো অবস্থায় আছেন কি না, তা জানা যাবে।
ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শনে গিয়ে পুড়ে যাওয়া ঘরবাড়ি পুনর্নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, মহাখালী সাততলা বস্তির একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা জানতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত তদন্ত করে আগুনের মূল কারণ জানা যাবে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর প্রধানমন্ত্রীর নির্দেশে পুনরায় নির্মাণ করে দেওয়া হবে। এ ছাড়া বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় বাড়ির মালিকদের আগামী দুই মাস ভাড়া না নেওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি আগামী এক বছর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বাড়ি ছাড়ার নির্দেশ দিতে পারবেন না বাড়ির মালিকরা।
প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর নির্বাচনি এলাকায় তাঁর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি ক্ষয়ক্ষতির বিষয় থেকে শুরু করে সবার আবাসন ব্যবস্থা দেখভাল করবেন বলেও জানান তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক আরও বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁদের আর্থিক সহায়তা দেওয়া হবে। পুড়ে যাওয়া মালামাল দ্রুত সরিয়ে জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুনরায় ঘর নির্মাণের কাজ শুরু হবে। সরকারের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেবে। এ কারণে বাড়ির মালিকদের আগামী দুই মাস ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া না নিতে এবং আগামী এক বছর তাঁদের বাড়ি ছাড়ার কোনো নোটিশ না দিতে বলা হয়েছে।
একেএস/এআর