Dhaka Mail Logo

জাতীয়

মাতুয়াইলে দেড় একরের নতুন মাঠ নির্মাণ করবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

রাজধানীর মাতুয়াইলে প্রায় দেড় একর জমিতে নতুন খেলার মাঠ নির্মাণের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

বুধবার (১৮ নভেম্বর) ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিজস্ব খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন মাঠ নির্মাণের এ ঘোষণা দেন তিনি। একইসঙ্গে উদ্বোধন করা মাঠে আলোকসজ্জা, নেটসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন প্রশাসক।

S

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, কলেজ জীবনের প্রথম দুই বছর ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে পড়াশোনার পাশাপাশি নিয়মশৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার উদ্যোগের কথাও জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে প্রতি শনিবার সিটি করপোরেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বিনামূল্যে লালবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার, আহসান মঞ্জিলসহ রাজধানীর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।

নগরীর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়ে ঢাকাকে ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ডেমরা এলাকার জলাবদ্ধতা নিরসনে নেওয়া উদ্যোগ সম্পর্কে প্রশাসক বলেন, এলাকার খালগুলো পুনঃখনন, পরিষ্কার, দখলমুক্ত ও পাড় বাঁধাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। 

S

খালের ওপর যত্রতত্র অপরিকল্পিত সেতু নির্মাণ না করে সিটি করপোরেশনকে খাল পুনরুদ্ধারের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। নাগরিকদের খাল পারাপারের সুবিধার্থে প্রয়োজনীয় কালভার্ট সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় নির্মাণ করে দেওয়া হবে বলেও জানান তিনি।

নতুন খেলার মাঠ নির্মাণের বিষয়ে তিনি বলেন, মাতুয়াইলে প্রায় দেড় একর জমিতে পূর্ণাঙ্গ একটি খেলার মাঠ নির্মাণের কাজ এক সপ্তাহের মধ্যে শুরু হবে। এছাড়া উদ্বোধন করা মাঠেও আলোকসজ্জা, নেটসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

আবদুস সালাম আশা প্রকাশ করেন, উপযুক্ত খেলার মাঠ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে। একইসঙ্গে তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও সহায়ক হবে। মাঠটি শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও উপকারে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসন-২-এর সংসদ সদস্য শিরিন সুলতানা, বিএনপি নেতা নবিউল্লাহ নবি এবং কলেজের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।

এম/এএইচ