Dhaka Mail Logo

জাতীয়

প্রবল ঘূর্ণিঝড় আকভান, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বাড়ল

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বাড়িয়ে ৩ নম্বর করা হয়েছে। ঘূর্ণিঝড়টি আগামী ২০ নভেম্বর ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (১৮ এপ্রিল) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।

বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ ড.মো.ওমর ফারুক জানান, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'আকভান' উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় (১৩ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। 

এটি আজ (১৮ নভেম্বর ) দুপুর ১২ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১১৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড়টি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র- দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

তিনি আরও জানান, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

তিনি জানান, প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা/ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। 

এমএইচএইচ/এআরএম