Dhaka Mail Logo

জাতীয়

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ৫

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, দুটি পিস্তলসদৃশ লাইটার ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া গ্রেফতার একজনের কাছ থেকে দুই হাজার ৬৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার। তিনি জানান, মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকার মনু বেপারীর ঢাল সংলগ্ন একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- জাফর ইসলাম (৩৩), আউলাদ হোসেন (৩৬), রবিউল হোসেন রুবেল (৩৫), আরমান হোসেন সনি (২৫) ও ফরহাদ হোসেন (৩২)। তারা সবাই জিনজিরা এলাকার বাসিন্দা।

এসআরবি-১০ জানায়, ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে- এমন খবরে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করে এসআরবি। তাদের মধ্যে জাফর ইসলাম একজন মাদক কারবারি।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন বিকেলে জিনজিরা নজরগঞ্জ এলাকায় তার বাসায় অভিযান চালানো হয়। এ সময় দুই হাজার ৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ছয় লাখ ২০ হাজার ৪০০ টাকা। পাশাপাশি মাদক কেনাবেচার নগদ এক লাখ ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

এসআরবি আরও জানায়, জাফর দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গ্রেফতার ব্যক্তিরা ডাকাতি ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত। 

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের জন্য উদ্ধার করা অস্ত্র ও মাদকসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।

এমআইকে/এসআই