Dhaka Mail Logo

জাতীয়

ফ্যাসিবাদ ফেরার শঙ্কা দেখা দিলে আবারও ঐক্যবদ্ধ প্রতিরোধ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫২ এএম

অতীতের ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, পরাজিত ফ্যাসিবাদ কোনো রূপে ফিরে আসার আশঙ্কা দেখা দিলে সবাইকে আবারও এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদে পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধি অনুসারে আনীত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

আন্দালিভ রহমান বলেন, জাতীয় সংকটের সময়ে রাজনৈতিক বিভাজন ও পারস্পরিক বিরোধের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারের সমালোচনা করতে বিরোধী দলের কোনো বাধা নেই। তবে জাতীয় সংকট মোকাবিলায় সবার পূর্ণ মনোযোগ ও সহযোগিতা প্রয়োজন।

আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, এ সময়ে অর্থ পাচার, ব্যাংক খাতে লুটপাট ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এস আলম ও সালমান এফ রহমানের মতো ব্যক্তিদের অর্থ লুটপাটের কারণে খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ কোটি টাকায় পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমলেও বাংলাদেশের অর্থনীতির এতটা ক্ষতি হয়নি, যতটা গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আন্দালিভ রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গার্মেন্টস মালিকদের ঋণপত্র (এলসি) খুলতেও নানা সমস্যায় পড়তে হয়েছে। দুর্নীতি ও অনিয়মের কারণে দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির যে ক্ষতি করেছে, তা যথাযথভাবে জনগণের সামনে তুলে ধরতে না পারাকে নিজেদের বড় ব্যর্থতা বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি সবচেয়ে খারাপ অবস্থায় ছিল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ অবস্থা থেকে উত্তরণে সরকারকে সময় দিতে হবে। সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সরকার শ্রমিকদের বিশ্বাস করে, শ্রদ্ধা করে এবং ভালোবাসে। শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। প্রত্যেক মাসে নয়, বরং প্রত্যেকটি সেলাইয়ের বিপরীতে শ্রমিকদের মজুরি পাওয়ার ব্যবস্থা থাকা উচিত বলে তিনি মনে করেন।

আরও পড়ুন

গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে বাংলাদেশ: তথ্যমন্ত্রী

তিনি বলেন, শ্রমিকদের নিয়ে চলমান সংকট একটি জাতীয় সংকট। এ পরিস্থিতিতে রাজনৈতিক বক্তব্য বা পরস্পরকে দোষারোপ না করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের জীবিকা ও দেশের শিল্প খাতের স্বার্থে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতি নষ্ট করার অপচেষ্টা চলছে। দেশের বাইরে অবস্থান করে কেউ কেউ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তাদের উদ্দেশ্য রাজনৈতিক সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা এবং সরকারের উন্নয়ন ও সামাজিক কর্মসূচি বাধাগ্রস্ত করা।

সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচি বাস্তবায়নের দিকে এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখেই দেশের উন্নয়নের ধারা এগিয়ে নিতে হবে।

জ্বালানি খাতের সমালোচনা করে আন্দালিভ রহমান বলেন, গত ১৭ বছরে একটি গোষ্ঠীকে সুবিধা দিতে দেশে পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করা হয়নি। বরং কৃত্রিম সংকট তৈরি করে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি আমদানি করা হয়েছে। এতে জ্বালানি খাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। এসব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়।

তিনি বলেন, দেশের উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজনের পরিবর্তে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাবলি ও আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক বিতর্কে অতিরিক্ত মনোযোগ না দিয়ে দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনার কাজে সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

আলোচনার শেষ পর্যায়ে তিনি আবারও ফ্যাসিবাদী শাসনের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। আন্দালিভ রহমান বলেন, যে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো হয়েছে, তা যেন কোনোভাবেই ফিরে আসতে না পারে। এমন পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে সবাইকে এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

জেবি