Dhaka Mail Logo

জাতীয়

ঢাকা মেডিকেলে কারাবন্দি কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ এএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক অসুস্থ কয়েদির মৃত্যু হয়েছে। নিরঞ্জন চন্দ্র সরকার (৬০) নামের ওই কয়েদিকে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিরঞ্জন চন্দ্র সরকার দক্ষিণ গোরান এলাকার মৃত মনোরঞ্জন সরকারের ছেলে। তাঁর কয়েদি নম্বর ৭০৩৮/এ। তবে কোন মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কারারক্ষী সিমন মিয়া জানান, মঙ্গলবার রাতে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নিরঞ্জন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত ও কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএমআর/জেবি