নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম
ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার, ব্লু কার্বন পর্যবেক্ষণ এবং জলবায়ু অর্থায়নের উপযোগী যৌথ প্রকল্প গ্রহণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে সদস্যদেশগুলোর অভিজ্ঞতা বিনিময়, সমন্বিত পদ্ধতি তৈরি এবং যৌথ প্রকল্প বাস্তবায়নে তিনটি অগ্রাধিকার তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের সাইডলাইনে ম্যাংগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেটের (এমএসি) চতুর্থ মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এসব প্রস্তাব তুলে ধরেন ড. সাইমুম পারভেজ।
বৈঠকে তিনি বলেন, সদস্যদেশগুলোর অভিজ্ঞতাকে এমন যৌথ প্রকল্পে রূপ দিতে হবে, যা উপকূল রক্ষার পাশাপাশি ম্যানগ্রোভনির্ভর মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে ভূমিকা রাখবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত বিশ্বের বৃহত্তম অবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বন সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সুন্দরবন জলোচ্ছ্বাসের প্রভাব কমায়, মাছের প্রজনন ও বেড়ে ওঠার আবাসস্থল হিসেবে কাজ করে এবং গাছ ও মাটিতে কার্বন সঞ্চয় করে। উপকূলীয় পরিবারের ঘরবাড়ির নিরাপত্তা ও আয়ের নিশ্চয়তার সঙ্গে সুন্দরবনের সুস্থতা নিবিড়ভাবে সম্পর্কিত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। এ সময় উপকূলের বিদ্যমান ম্যানগ্রোভ সংরক্ষণ, প্রাকৃতিক পুনর্জন্মে সহায়তা এবং উপযুক্ত স্থানে দেশীয় প্রজাতির গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, খাল পুনর্বাসন ও উপকূলীয় সুরক্ষার উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে পানি নিষ্কাশন, বসতি সুরক্ষা ও উপকূলীয় মানুষের জীবিকা আরও শক্তিশালী হবে।
জলবায়ু অর্থায়নের বিষয়ে ড. সাইমুম পারভেজ জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি গঠন এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) আরাইজ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৩ কোটি মার্কিন ডলার অর্থায়নের লক্ষ্যে বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুতের জন্য বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এ পরিকল্পনায় উপকূল সুরক্ষা, ম্যানগ্রোভ পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীল জীবিকাকে অগ্রাধিকার দেওয়া হবে।
ম্যাংগ্রোভ অ্যালায়েন্সের আওতায় সহযোগিতার জন্য তিনটি ক্ষেত্র প্রস্তাব করেন তিনি। এগুলো হলো—ম্যানগ্রোভ পুনরুদ্ধারে নিয়োজিত দল ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, বন পুনরুদ্ধার ও উপকূল সুরক্ষার পাশাপাশি ব্লু কার্বন পর্যবেক্ষণে সমন্বিত পদ্ধতি তৈরি এবং দুই বা ততোধিক সদস্যদেশের অংশগ্রহণে অর্থায়নযোগ্য যৌথ প্রকল্প প্রস্তুত করা।

বাংলাদেশের প্রণয়নাধীন জাতীয় কার্বন বাজার কাঠামো ও পরিকল্পিত জাতীয় রেজিস্ট্রির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ম্যানগ্রোভ পুনরুদ্ধারের মাধ্যমে অতিরিক্ত, দীর্ঘস্থায়ী ও স্বাধীনভাবে যাচাইযোগ্য কার্বন সুফল নিশ্চিত করা গেলে কার্বন ক্রেডিট দীর্ঘমেয়াদি বন পরিচর্যায় অর্থায়নের সুযোগ তৈরি করতে পারে। তবে এ ক্ষেত্রে দ্বৈত গণনা প্রতিরোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর মধ্যে সুফলের ন্যায্য বণ্টন নিশ্চিত করতে হবে।
আগ্রহী সদস্যদেশগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের যৌথ প্রকল্প প্রস্তুত ও বাস্তবায়নে কাজ করার আগ্রহও প্রকাশ করেন ড. সাইমুম পারভেজ।
সংযুক্ত আরব আমিরাতের আহ্বানে আয়োজিত এ বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার যৌথ নেতৃত্বে পরিচালিত ম্যাংগ্রোভ অ্যালায়েন্স ফর ক্লাইমেট ম্যানগ্রোভ সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত ইন্দোনেশিয়ার সরকারি তথ্য অনুযায়ী, এ জোটের সদস্যদেশের সংখ্যা ৪৭টি।
এমএইচ/এআর