নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম
জাতীয় সংসদে আজানকে প্রাতিষ্ঠানিক শিল্প হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়ার প্রস্তাব দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। তবে তাঁর সম্পূরক প্রশ্নটি বুঝতে পারেননি বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংস্কৃতিমন্ত্রীর উদ্দেশে করা এক সম্পূরক প্রশ্নে এ প্রস্তাব দেন বীথিকা বিনতে হোসাইন।
তিনি বলেন, বাংলাদেশ মুসলিম-অধ্যুষিত দেশ। ঢাকাকে মসজিদের শহর বলা হয়। মানুষের বাসা কিংবা অফিসের পাশের মসজিদ থেকে প্রতিদিন আজানের ধ্বনি শোনা যায়। আজানের অর্থও অত্যন্ত সুন্দর। এর মাধ্যমে কল্যাণ ও মুক্তির পথে আহ্বান জানানো হয়। আজানের শব্দ শুনে মানুষের মধ্যে নামাজের প্রতি আগ্রহ ও আকর্ষণ তৈরি হওয়া উচিত।
বীথিকা বিনতে হোসাইন আরও বলেন, আজানের কোনো প্রাতিষ্ঠানিক শিল্পচর্চা গড়ে ওঠেনি। যে যেভাবে ইচ্ছা আজান দিয়ে থাকেন। অথচ আজান এত সুন্দর একটি শিল্প, কিন্তু সেটি প্রতিষ্ঠিত হচ্ছে না। এ অবস্থায় আজানদাতা মুয়াজ্জিন ও খতিবদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা অন্য কোনো মাধ্যমে আজানের শিল্পরূপ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়ার অনুরোধ জানান তিনি।
এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, আপনার প্রশ্ন বুঝলাম না। মাননীয় মন্ত্রী, আপনি বুঝে থাকলে উত্তর দেন।
জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, আসলে প্রশ্নটা তাঁর কাছে স্পষ্ট নয়। তবে সংসদ সদস্য নোটিশ দিলে তিনি এর উত্তর দেওয়ার চেষ্টা করবেন।
এমএইচএইচ/এআর