Dhaka Mail Logo

জাতীয়

দেশে আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন  

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ-সংক্রান্ত সরকারি মঞ্জুরি জ্ঞাপন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনে সরকারি মঞ্জুরি প্রদান করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২০২৫ সালে জুরাইনে ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ নামে নতুন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হয়। সেখানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ৫০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। 

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ৩৭টি সরকারি ও ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এ ছাড়াও ঠাকুরগাঁও, নরসিংদী ও শেরপুরে নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এসএইচ/এসআই