Dhaka Mail Logo

জাতীয়

মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোটদানে বিরত থাকল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ এবং এর বিরোধিতা করেছে ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।

গত শুক্রবার (১৩ নভেম্বর) ‘মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতকরণ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উত্থাপন করে মেক্সিকো। ভোটাভুটি শেষে কমিটি প্রস্তাবটি গ্রহণ করে।

প্রস্তাবের বিরোধিতা করে ভোট দেওয়া ৩৩টি দেশের মধ্যে রয়েছে ভারত, বাহরাইন, চীন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের তথ্যমতে, বিশ্বের অধিকাংশ দেশই হয় মৃত্যুদণ্ড বিলুপ্ত করেছে, নয়তো এর প্রয়োগ স্থগিত রেখেছে। সংস্থাটি জানিয়েছে, অপরাধ দমন কিংবা ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের তেমন কোনো ভূমিকা নেই। 

একবিংশ শতাব্দীতে এ ধরনের সাজার কোনো স্থান নেই। এ কারণে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের আহ্বান জানিয়ে আসছে সংস্থাটি।

/এসআই