Dhaka Mail Logo

রাজনীতি

ভারতে ভোটার তালিকা থেকে মুসলিমদের নাম বাদ দেওয়ায় শিবিরের উদ্বেগ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

ভারতে দেশব্যাপী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি নাম বাদ পড়া এবং এর ফলে দেশটির মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্যসংখ্যক বৈধ ভোটারের ভোটাধিকার ও নাগরিকত্বের নিরাপত্তা হুমকির মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
 
সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ উদ্বেগ প্রকাশ করেন।
 
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়াদের মধ্যে মুসলিমদের সংখ্যা উদ্বেগজনক। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিশেষ যাচাই-বাছাইয়ের আওতায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ পড়েছে, যাদের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলিম। বৈধ পরিচয়পত্র ও পারিবারিক নথি থাকা সত্ত্বেও অনেক বাংলাভাষী মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। একই ধারাবাহিকতায় তাদের অনেককে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে আটক এবং বাংলাদেশে পুশ-ইন করার অভিযোগও উঠেছে। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
 
ভারতের প্রচলিত নির্বাচনী ও সাংবিধানিক আইনের প্রসঙ্গ তুলে নেতৃবৃন্দ বলেন, গণপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ২১(৩) ধারা অনুযায়ী নির্বাচন কমিশন বিশেষভাবে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিতে পারে। তবে একই আইনের ২২ নম্বর ধারা এবং Registration of Electors Rules, 1960-এর ২১এ বিধি অনুযায়ী, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের যুক্তিসংগত সুযোগ দেওয়া এবং নিয়ম মেনে সিদ্ধান্ত গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
 
পাশাপাশি ভারতের সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা এবং ১৫ নম্বর অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো নাগরিকের ভোটাধিকার খর্ব করা বা বৈষম্যমূলক আচরণ করা দেশটির সাংবিধানিক নীতির পরিপন্থী।
 
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ভারতে মুসলিমদের নাগরিক ও মৌলিক অধিকার সংকুচিত করার এ প্রক্রিয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় ও আইনি পরিকল্পনার অংশ। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) মাধ্যমে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণের বৈষম্যমূলক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
 
এ ছাড়া ৩৭০ অনুচ্ছেদ বাতিল, তিন তালাক আইন, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চাপিয়ে দেওয়ার উদ্যোগ, ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইন, গরু জবাই ও গো-মাংসের ওপর বিভিন্ন রাজ্যে নিষেধাজ্ঞা, মসজিদ ভেঙে ফেলা এবং মুসলিমদের বাড়িঘর ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। বর্তমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এসব বৈষম্যমূলক পদক্ষেপের ধারাবাহিকতায় ‘শনাক্ত কর, বাদ দাও এবং বিতাড়িত কর’ নীতিরই স্পষ্ট বহিঃপ্রকাশ।
 
নেতৃবৃন্দ বলেন, নাগরিকদের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। ধর্মীয় পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা কিংবা নাগরিকত্বের প্রশ্নে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
 
তারা অবিলম্বে বৈষম্যমূলকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া বন্ধ, প্রকৃত ও বৈধ ভোটারদের নাম পুনর্বহাল এবং বেআইনি আটক ও বাংলাদেশে পুশ-ইন বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি জোর দাবি জানান।
 
একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে বেছে বেছে মানবাধিকার চর্চার নীতি পরিহারের আহ্বান জানান তারা। ভারতের সংখ্যালঘু মুসলিমদের মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষায় জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।
 
টিএই/এআর